চুয়েটে আয়োজিত হয়েছে তিনদিনব্যাপী প্রযুক্তির উৎসব ‘‘সিএসই ফেস্ট ২০২৫”

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ-

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) তিন দিনব্যাপী প্রযুক্তি উৎসব “সিএসই ফেস্ট ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগ কর্তৃক আয়োজিত এ উৎসবের আজ ছিল শেষ দিন।

আজ ১৩ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হয় এ উৎসবের গুরুত্বপূর্ণ সব একাডেমিক ও কর্মসংস্থানভিত্তিক আয়োজন। এদিন জাতীয় পর্যায়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইইউপিসি) ও ডেটাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়। সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ প্রযুক্তি উৎসবের সমাপ্তি ঘটে।

এর আগে গত ১১ ডিসেম্বর (শনিবার) এ শুরু হয় এই উৎসব। প্রথমে অত্র বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে কেক কাটার মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

উৎসবের দ্বিতীয় দিন ১২ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হয় একাধিক প্রতিযোগিতামূলক ও প্রযুক্তিনির্ভর আয়োজন। এদিন জাতীয় পর্যায়ের অংশগ্রহণে হ্যাকাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি চুয়েটভিত্তিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ফিফা ও ভ্যালোরেন্ট গেমিং প্রতিযোগিতা, দ্বৈত প্রতিযোগিতা, ব্লাইন্ড টাইপিং এবং দাবা প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আগত আব্দুল মুহিত চুয়েটনিউজ২৪ কে জানান, এখানে বেশ ভালোই প্রতিযোগিতা হয়েছে। প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড ছিল। এখানে এসেও খুব ভালো লাগছে।

আয়োজকদের মধ্য থেকে কম্পিউটার ও বিজ্ঞান কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাহিম ফেরদৌস বলেন, এই উৎসবে তিনটি প্রধান ইভেন্ট ছিল হ্যাকাথন, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা ও ডেটাথন। এগুলো আমরা সফলভাবে আয়োজন করতে পেরেছি। এসব আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেমীরা এক প্ল্যাটফর্মে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছেন। প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতা, জ্ঞান বিনিময় ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে এই উৎসব জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা, উদ্ভাবন ও প্রযুক্তিভিত্তিক সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে।

উল্লেখ্য, প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রথম হয়েছে বুয়েটের সুপারনোভা, দ্বিতীয় হয়েছে শাবিপ্রবির গডফাদারস ও তৃতীয় হয়েছে ইসলামি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইইউটি দ্যা নেম উই। পার্টিসিপেটেড হ্যাকাথন প্রতিযোগিতায় প্রথম চ্যাম্পিয়ান হান্ট্রিক্স, রানার আপ আরেকটা টিম, থার্ড মেটা এআই। ডেটাথন এ প্রথম হ্যাকফ্লিট, রানারআপ টিমকপি পেস্ট, তৃতীয় দিস ওয়াজ আনপ্ল্যানড ও চতুর্থ নিউরনএক।