চুয়েটনিউজ২৪ ডেস্ক:
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত ‘দ্বিতীয় পোর্ট সিটি ডিবেট ফেস্ট ২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চুয়েট ডিবেটিং সোসাইটির দল ‘চুয়েটডিএস ৫৬’। প্রতিযোগিতায় ডিবেটার অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন চুয়েটের ২০২১-২২ শিক্ষাবর্ষের পেট্রোলিয়াম ও খনিবিদ্যা কৌশল বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহিল গালিব।
গত ৩০ অক্টোবর পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ফোরামের আয়োজনে দ্বিতীয় পোর্ট সিটি ডিবেট ফেস্টের প্রতিযোগিতা শুরু হয়। পরদিন ৩১ অক্টোবর চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল। চ্যাম্পিয়ন ‘চুয়েটডিএস ৫৬’ দলের সদস্য ছিলেন আসাদুল্লাহিল গালিব, কৌশিক কাব্য ও আদিত্য দেব নাথ।
বিজয়ী দলের ডিবেটার অব দ্য ফাইনাল আসাদুল্লাহিল গালিব জানান, ‘চুয়েটডিএস ৫৬’ নামটি চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম স্যারের ৫৬ দিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে রাখা হয়েছে। স্যারের পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে নামটি তাঁদের কাছে কেবল একটি বিতর্ক দলের পরিচয় নয়, বরং আবেগ ও শ্রদ্ধার প্রতীক।
তিনি আরও বলেন, “এই নাম নিয়ে শেষ তিনটি জাতীয় বিতর্ক উৎসবে আমাদের অর্জন যথাক্রমে রানার-আপ, সেমিফাইনালিস্ট এবং এবার চ্যাম্পিয়ন। ব্যক্তিগতভাবেও রানার-আপ হওয়ার পর টানা তিনবার সেমিফাইনালিস্ট হয়ে থেমে যাওয়ার পর পিসিডিএফ জাতীয় বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হওয়া এবং ফাইনালের সেরা বিতার্কিকের স্বীকৃতি পাওয়া আমার জন্য বিশেষ আনন্দের।
এই অর্জনের বড় কৃতিত্ব আমার দুই অসাধারণ সতীর্থ কৌশিক কাব্য ও আদিত্য দেব নাথের। পুরো যাত্রায় অনেক ক্ষেত্রেই ওরা আমাকে সহযোগিতা করেছে এবং এগিয়ে নিয়ে গেছে। এমন সতীর্থ পাওয়া সত্যিই সৌভাগ্যের।
আমার সতীর্থ, সহ-ফাইনালিস্ট, অংশগ্রহণকারী ও আয়োজকসহ পুরো যাত্রায় যাঁরা পাশে ছিলেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। দলের নামটি হয়তো সত্যিই সৌভাগ্যবান, তবে এর পেছনে থাকা ৫৬ দিনের স্মৃতি, আবেগ ও শ্রদ্ধা আমাদের কাছে যেকোনো অর্জনের চেয়েও অনেক বেশি মূল্যবান।”