আইইবি নির্বাচনে কাউন্সিল মেম্বার চট্টগ্রাম কেন্দ্র পদে প্রার্থী চুয়েট সাংবাদিক সমিতির দুই এলামনাই

সাব্বির হোসাইন:-

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) এর আসন্ন নির্বাচনে চট্টগ্রাম কেন্দ্রের কাউন্সিল মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সাংবাদিক সমিতির দুই সাবেক সদস্য। তাঁরা হলেন প্রকৌশলী শরীফ মাহমুদ ভূঁইয়া ও প্রকৌশলী মোহাম্মদ ইমরান খান। দুজনই চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তাঁরা ক্যাম্পাস সাংবাদিকতায় সক্রিয় ছিলেন এবং সাংবাদিক সমিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

নির্বাচনে ৫১ নম্বর ব্যালটে কাউন্সিল মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী শরীফ মাহমুদ ভূঁইয়া। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি দৈনিক যুগান্তরের চুয়েট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ২০০৭-০৮ কার্যবর্ষে চুয়েট সাংবাদিক সমিতির সহ অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রকৌশলী শরীফ মাহমুদ ভূঁইয়া বলেন, “প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং তাঁদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে চাই। আইইবিকে আরও আধুনিক, গতিশীল, কার্যকর ও সদস্যবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলাই আমার প্রত্যাশা। নির্বাচিত হলে প্রকৌশলী সমাজের প্রত্যাশা ও অধিকার প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করব।”

অন্যদিকে, একই পদে ৭০ নম্বর ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রকৌশলী মোহাম্মদ ইমরান খান। তিনি চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি চুয়েট সাংবাদিক সমিতিতে যুক্ত ছিলেন। পালন করেছেন সাধারণ সম্পাদকের দায়িত্ব।

অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (এ্যাব) প্যানেল থেকে নির্বাচনে অংশ নেওয়া প্রকৌশলী মোহাম্মদ ইমরান খান বলেন, “এবার আইইবির নির্বাচনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) প্যানেল থেকে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁরা প্রত্যেকেই নতুন বাংলাদেশের চেতনাকে ধারণ করেন। আমি এই প্যানেল থেকেই নির্বাচন করছি। বর্তমান সরকারও এই প্যানেলের প্রতি সমর্থন জানাচ্ছে। তাই এ্যাব প্যানেল বিজয়ী হলে প্রকৌশলী সমাজের কল্যাণে বেশ কিছু ইতিবাচক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করতে পারবে বলে আমি আশাবাদী। ব্যক্তিগতভাবে আমিও এই দলের সঙ্গে যুক্ত হয়ে প্রকৌশলীদের কল্যাণে কাজ করতে চাই। প্রকৌশলী সমাজের সেবা করা এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভূমিকা রাখার লক্ষ্যেই প্যানেলের একজন সদস্য হিসেবে নিজেকে সম্পৃক্ত করতে চাই।”

চুয়েট সাংবাদিক সমিতির সাবেক দুই সদস্যের আইইবি নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নির্বাচিত হলে তাঁরা দুজনই প্রকৌশলী সমাজের পেশাগত অধিকার, মর্যাদা ও কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।