চুয়েটে রেজিস্ট্রারের পদত্যাগ গ্রহণ করলেন উপাচার্য

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ-

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(চুয়েট) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদ থেকে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. শেখ হুমায়ুন কবীরকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বিষয়টি চুয়েটনিউজ২৪কে নিশ্চিত করেছেন চুয়েটের উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।

উক্ত কর্মকর্তা ২০২২ সালের ২৮ আগস্ট থেকে নিজ দাপ্তরিক দায়িত্বের পাশাপাশি রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। পরবর্তীতে, এবছর গত ১ সেপ্টেম্বর উক্ত অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতির জন্য পদত্যাগপত্র দাখিল করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম চুয়েটনিউজ২৪-কে বলেন, ‘গত ২৪ সেপ্টেম্বর রেজিস্ট্রার আমাকে জানান, তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তাঁর লিখিত আবেদনের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

এ ব্যাপারে অধ্যাপক শেখ হুমায়ুন কবীর চুয়েটনিউজ২৪-কে বলেন, ‘আমি আগের উপাচার্যের কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ দিয়েছিলাম। অধ্যাপক শরীফুল আলমের কাছে জমা দিই নি। তাই পদত্যাগ পত্রটি আগের উপাচার্য গ্রহণ করলেই ভালো হতো। আর গতানুগতিক উপায়ে অব্যাহতিও দেন নি। পদত্যাগ জমা দিলে সেটা একটা নথি হয়ে আসে। সেই নথিতে উপাচার্য অনুমোদন দেন। তারপর অন্য একজনের মাধ্যমে অফিস আদেশ করেন। কিন্তু এরকম কিছু হয় নি। আমাকে শুধু একটি মেইল দিয়েছেন। তবে কোনো স্মারক নম্বর নেই। আর উনি আমাকে মেইলে বলেছেন ‘আপনাকে’ অব্যহতি দেওয়া হলো। এখানে আমার নামও নেই। এগুলো কোনোটাই নিয়মের মধ্য থেকে হয় নি। তবু, আমি আসলেই ১ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলাম।’

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচি পালন করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এতে সাতটি বিভাগের ৩৪টি পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এদিকে ৩৬ দিন শাটডাউনের পর একাডেমিক কার্যক্রমের স্বার্থে ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা। তবে ক্লাসে ফিরলেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তাঁরা।