আইসিই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের নতুন কমিটিতে সভাপতি নাঈম, সাধারণ সম্পাদক শাহদীন

চুয়েটনিউজ২৪ ডেস্ক:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) যুক্তরাজ্যভিত্তিক পুরকৌশলীদের আন্তর্জাতিক সংগঠন ইনস্টিটিউশন অব সিভিল ইঞ্জিনিয়ার্সের (আইসিই) চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১ নভেম্বর (রবিবার) অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে এক বছরের জন্য এ কমিটি নির্বাচিত হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. নাঈম হাওলাদার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই বর্ষের শিক্ষার্থী মো. শাহদীন শওকত। 

১২ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সহ-সভাপতি পদে সৈয়দ মো. আমীর হামজা মাহমুদ মাহাদী, কোষাধ্যক্ষ পদে গোলাম রাব্বানী নোবেল, প্রকাশনা সম্পাদক পদে অনিন্দ্য সরকার অঙ্কন, অনুষ্ঠান সম্পাদক পদে আজওয়াদ আখলাক তানভীর এবং নিরীক্ষক পদে মো. আলী আহসান রিফাত নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটিতে পাঁচজন কার্যনির্বাহী সদস্য রয়েছেন।

নবনির্বাচিত সভাপতি মো. নাঈম হাওলাদার চুয়েটনিউজ২৪-কে জানান, “ইনস্টিটিউশন অব সিভিল ইঞ্জিনিয়ার্স আমাদের একটি নবগঠিত সংগঠন। অল্প সময়ের মধ্যেই এই ক্লাবের যাত্রা শুরু হয়েছে, যা আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।”

তিনি আরও বলেন, “আমাদের এই ক্লাব প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, নেতৃত্বের দক্ষতা এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব বিকশিত করা। পাশাপাশি সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ক জ্ঞানচর্চা, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, সহশিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুন্দর ও ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা।”