চুয়েটের সিন্ডিকেটে নতুন দুই সদস্য মনোনীত করল সরকার

চুয়েটনিউজ২৪ ডেস্ক:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিন্ডিকেটে সরকার মনোনীত দুই সদস্যকে দুই বছরের জন্য মনোনয়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মনোনীত দুই সদস্য হলেন প্রকৌশলী মো. ইকবাল করিম (এনডিসি), প্রধান প্রকৌশলী (অতিরিক্ত), গণপূর্ত অধিদপ্তর এবং প্রকৌশলী শফিকুল ইসলাম খান, সিনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (অব.), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ। তারা উভয়েই সিন্ডিকেটে ‘বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক গবেষণা বা শিল্প প্রতিষ্ঠান’ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ধারা ১৮-এর উপধারা (১)-এর দফা (চ) ও ১৮-এর উপধারা (২) অনুযায়ী এ মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি জারি করা সংশ্লিষ্ট আদেশটি বাতিল করে নতুন করে এ দুই সদস্যকে মনোনয়ন দেওয়া হয়। মনোনীত সদস্যরা আগামী দুই বছর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ মনোনয়নের বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে।