জারীন তাসমীন সাবা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর সংগঠন চুয়েট অটোমোটিভ অ্যান্ড মোবিলিটি সোসাইটির উদ্যোগে জাতীয় পর্যায়ের রোবো রেস প্রতিযোগিতা ‘অটোরাশ ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর (বুধবার) আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর ও প্রযুক্তিনির্ভর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল ও উৎপাদন প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান এবং ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেন্সির পরিচালক অধ্যাপক ড. বদিউস সালাম।
এছাড়াও অনুষ্ঠানে আন্তর্জাতিক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের সাগা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আকিও মিয়ারা এবং নরওয়ের আগডার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তরে ভেহুস। তারা প্রতিযোগিতার বিভিন্ন ধাপ প্রত্যক্ষ করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা ও প্রযুক্তিগত দক্ষতার প্রশংসা করেন।
প্রতিযোগিতা চলাকালে চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের একাধিক শিক্ষক উপস্থিত থেকে রোবটগুলোর কার্যকারিতা সরাসরি পর্যবেক্ষণ করেন। শিক্ষার্থীদের নকশা, নিয়ন্ত্রণ ব্যবস্থা ও বাস্তব প্রয়োগ দেখে তারা সন্তোষ প্রকাশ করেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
তিন ধাপে অনুষ্ঠিত এই রোবো রেস প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফলে সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয়ের টিম অপটিমাস প্রাইম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম ইনডাকশন মোটর প্রথম রানার্স আপ এবং চুয়েটের টিম খেপা চাকা ভার্সন দুই দ্বিতীয় রানার্স আপ হওয়ার সম্মান অর্জন করে।
বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন চুয়েটের শিক্ষকবৃন্দ। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের এমন প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী আয়োজনের জন্য চুয়েট অটোমোটিভ অ্যান্ড মোবিলিটি সোসাইটির ভূয়সী প্রশংসা করেন।
এ বিষয়ে চুয়েট অটোমোটিভ অ্যান্ড মোবিলিটি সোসাইটির সভাপতি মো: নূর এ মাহমুদ জায়েদ বলেন, আইসিএমইআরই-এর সাথে সহযোগিতায় তাদের প্রথম জাতীয় আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। এই আয়োজনের মাধ্যমে ক্লাবের সদস্যরা যেমন অনেক নতুন বিষয় শিখেছে, তেমনি অন্যদের শেখানোর সুযোগও পেয়েছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে কনফারেন্সে আগত অতিথিদের কাছেও রোবো রেস প্রতিযোগিতাটি বেশ উপভোগ্য হয়ে উঠেছিল বলে তিনি জানান।