চুয়েট আইইটি গবেষণাগার পরিদর্শনে অস্ট্রেলিয়ার অধ্যাপক, যৌথ গবেষণায় আগ্রহ প্রকাশ

মো.ফাহিম রেজা :

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইন্সটিটিউট অব এনার্জি টেকনোলজি (আইইটি)–এর গবেষণাগার পরিদর্শন করেছেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির পুর ও পরিবেশকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম।

গত বুধবার তিনি আইইটি’র বিভিন্ন গবেষণাগার ঘুরে দেখেন এবং চলমান গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এসময় জ্বালানি প্রযুক্তি, পরিবেশবান্ধব প্রকৌশল ও টেকসই উন্নয়ন বিষয়ক গবেষণায় চুয়েট আইইটির সক্ষমতার প্রশংসা করেন তিনি।

পরিদর্শনকালে অধ্যাপক ড. মো. আবুল কালাম চুয়েট আইইটির সঙ্গে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে গবেষণা, জ্ঞান বিনিময়, শিক্ষক ও গবেষক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ বিষয়ে ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি, চুয়েটের পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ বলেন, আমরা অধ্যাপক কালামের সাথে যৌথভাবে একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করছি। এর ধারাবাহিকতায় তিনি আমাদের ল্যাবরেটরি যন্ত্রপাতিগুলো পর্যবেক্ষণ করেছেন। পাশাপাশি তিনি গবেষণা কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আশা করি চুয়েট ও ইউটিএস যৌথভাবে কাজ করবে।

এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা চুয়েটের গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং বৈশ্বিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।