মোঃতানভীর আহমাদ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গত ১৪ ডিসেম্বর(রবিবার) চুয়েট ইসলামিক ইলম সিকার সোসাইটির উদ্যোগে ” কুরআন ইন চুয়েট” এর অংশ হিসেবে ব্যতিক্রমধর্মী এই আয়োজন সম্পন্ন হয়।রবিবার দুপুর থেকে শুরু হয়ে মাগরিব পর্যন্ত অত্র বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্ত্বর প্রাঙ্গণে চলতে থাকে বিনামূল্যে কুরআন বিতরণের এই কর্মসূচি।
কুরআনের আলোকে হৃদয়ের পরিবর্তন, আত্মশুদ্ধি এবং চিন্তাশীল মানসিকতা গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে তিনটি ভিন্নধর্মী কার্যক্রমের সমন্বয়ে আয়োজিত হয় কুরআন বিষয়ক এই আয়োজন । এই আয়োজনের প্রধান ৩ টি পর্ব ছিল, যার একটি হচ্ছে বিনামূল্যে কুরআন বিতরণ। চুয়েট ইসলামিক ইলম সিকার সোসাইটি কর্তৃক প্রদত্ত অনলাইন আবেদনপত্রে যারা নিবন্ধন করেন তাদের সকলকেই কুরআন বিতরণ করা হয় । চুয়েট শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, চুয়েট স্কুলের ছাত্র-ছাত্রী সহ চুয়েটের সাথে সম্পৃক্ত প্রায় ২৫০ জনের মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ করা হয় ।
জানা যায়, এই আয়োজনের অংশ হিসেবে সপ্তাহব্যাপী পরিচালিত হয় অনলাইনে কুরআন তিলাওয়াত ‘ওয়ান মিনিট ওইথ কোরআন ‘ এবং কুরআন নিয়ে অভিব্যক্তি ‘ কুরআন এন্ড মি’ শীর্ষক দুটি অনলাইন আয়োজন যা এখনো চলমান । যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের কুরআন তিলাওয়াত ও কুরআন থেকে ব্যক্তিগত অনুধাবন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।
আয়োজকবৃন্দের পক্ষ থেকে অত্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী নাহিয়ান মুনকার বলেন, কুরআন নিয়ে চুয়েটিয়ানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের হৃদয় স্পর্শ করেছে। এই কার্যক্রম চুয়েটের বর্তমান শিক্ষার্থী এবং অ্যালামনাই-দের যৌথ পরিশ্রমের ফসল। এখানে অনলাইনে চুয়েটিয়ানদের কণ্ঠে অসম্ভব সুন্দর তিলাওয়াত-গুলো আমাদের আয়োজনকে পূর্ণতা দিয়েছে। আমরা সবাই কুরআনকে শুধু কণ্ঠে নয়, বরং কলবে-ও ধারণ করব এটাই আমাদের চাওয়া।
এছাড়াও, তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো.হোসাইন ইমরান বলেন,আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে চুয়েট ইসলামিক ইলম সিকার সোসাইটির উদ্যোগে ‘কোরআন ইন চুয়েট” আয়োজন সম্পন্ন করতে পেরেছি।আমরা এই আয়োজনকে চুয়েট ইসলামিক সিকার সোসাইটির একটা স্বাক্ষরমূলক আয়োজন হিসেবে রাখতে চাই। চুয়েটের শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহন আমাদের আনন্দিত করেছে। কিন্তু আমরা সবাইকে মহাগ্রন্থ আল কোরআন পৌঁছে দিতে পারি নি বলে নিজেরাও ব্যথিত হয়েছি। এই আয়োজনের মাধ্যমে একজন ব্যাক্তিও যদি কোরআন পড়ার সুযোগ পায় তাই হবে আমাদের এই প্রচেষ্টার স্বার্থকতা এবং আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া। আল্লাহ আমাদের এই উদ্যোগ কবুল করুক।
এই আয়োজন সম্পর্কে জানতে চাইলে যন্ত্রকৌশল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আব্দুল আজিজ চুয়েটনিউজ২৪ কে বলেন, মাশাল্লাহ এটি খুবই ভালো উদ্যোগ। চুয়েট ইসলামিক ইলম সিকার সোসাইটির আয়োজকদের জন্যে অনেক দোয়া রইলো। আশা করি এমন উদ্যেগ আমাদের মতো অনেককেই কুরআন পাঠে উদ্ভুদ্ধ করবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য,শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় জ্ঞান, মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সময়ে চুয়েট ক্যাম্পাসে সিরাহ প্রতিযোগিতা,নাশিদ সন্ধ্যা এবং ইসলামী সম্মেলনের আয়োজন করে আসছে চুয়েট ইসলামিক ইলম সিকার সোসাইটি।