চুয়েটের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ-

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)  ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের লেভেল-১ স্নাতক ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জানুয়ারি ২০২৭ (শনিবার)।

চুয়েটের স্নাতক ভর্তি কমিটির সভাপতি ও তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে তিনি জানান, "আমরা প্রাথমিকভাবে ২৩ জানুয়ারি ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য সম্ভাব্য তারিখ হিসেবে সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা, শর্তাবলি ও সময়সূচি,মানবন্টন–সংক্রান্ত যাবতীয় তথ্য ভর্তির বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হবে।"

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চুয়েটে এবার চারটি অনুষদের অধীনে ১২টি বিভাগে মোট আসনসংখ্যা রয়েছে ৯৩১। এর মধ্যে ১১টি আসন বিভিন্ন কোটায় সংরক্ষিত। পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশল ও স্থাপত্য অনুষদের এসব বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তি পরীক্ষা দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে। ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোর সঙ্গে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ নিয়ে গঠিত হবে ক গ্রুপ, আর ইঞ্জিনিয়ারিং বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগ মিলে তৈরি হবে খ গ্রুপ।

উল্লেখ্য, গতবারের ভর্তি পরীক্ষায় দুই গ্রুপের জন্য গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে বহুনির্বাচনী পরীক্ষা নেওয়া হয়েছিল। ক গ্রুপে এই পরীক্ষার মোট নম্বর ছিল ৫০০। খ গ্রুপের পরীক্ষার্থীদেরও একই বিষয়ে ৫০০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হয়েছিল। এর সঙ্গে স্থাপত্য বিভাগের প্রার্থীদের জন্য অতিরিক্ত ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা ছিল। ফলে খ গ্রুপের স্থাপত্যে আগ্রহী শিক্ষার্থীদের জন্য মোট পরীক্ষার নম্বর দাঁড়িয়েছিল ৭০০।