ফাইয়াজ কৌশিকঃ-
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের উদ্যোগে ‘শহুরে নিম্নআয়ের মানুষের জন্য স্যানিটেশন ব্যবস্থা’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ মে (সোমবার) বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি হয়।
প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে চুয়েটের পুরকৌশল বিভাগ। সহযোগিতায় ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইন্টারন্যাশনাল ট্রেইনিং নেটওয়ার্ক (আইটিএন-বুয়েট)।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রিয়াজ আখতার মল্লিক। সভাপতিত্ব করেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের গবেষণা সহযোগী ফারজানা খান।
অনুষ্ঠানে উপাচার্য বলেন,” বন্যা, জলাবদ্ধতা, ঘূর্ণিঝড় ও লবণাক্ততার কারণে প্রচলিত স্যানিটেশন ব্যবস্থা অনেক ক্ষেত্রে অকার্যকর হয়ে পড়ছে। তাই টেকসই স্যানিটেশন ব্যবস্থা গড়ার বিকল্প নেই। আমাদের প্রয়োজন জলবায়ু সহনশীল স্যানিটেশন অবকাঠামো, উন্নত ও পরিবেশবান্ধব ল্যাট্রিন ব্যবস্থা, বর্জ্য পুনঃব্যবহার ও সম্পদ পুনরুদ্ধার প্রযুক্তি, এবং টেকসই নগর ব্যবস্থাপনা। গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ের মাধ্যমে আমরা একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবো।”
দুই দিনের এই প্রশিক্ষণে মোট সাতটি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। এতে পুরকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ৩০ জন শিক্ষার্থী অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থী মো. শাফকাতুল ইসলাম চুয়েটনিউজ২৪ কে বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি বাস্তব জীবনে স্যানিটেশন, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োগ সম্পর্কে হাতে-কলমে ধারণা পেয়েছেন তারা। বিশেষ করে দলভিত্তিক কর্মশালায় নির্দিষ্ট এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধান নিয়ে কাজ করার অভিজ্ঞতা ভবিষ্যতে পেশাগত জীবনে কাজে আসবে বলে তিনি মনে করেন।