জুনিয়র ডাকাকে কেন্দ্র করে চুয়েটে দফায় দফায় সংঘর্ষে আহত ৫

চুয়েটনিউজ২৪ ডেস্ক:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও দুই পক্ষের মধ্যে কয়েক দফায় মারামারির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। সপ্তাহখানেক আগে বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভৈরব বর্মণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন জুনিয়রের সঙ্গে বসে ছিলেন। এ সময় একই শিক্ষাবর্ষের রাকিন নামে এক শিক্ষার্থী জুনিয়রদের একজনকে ডেকে নিয়ে যান। তবে ভৈরব বর্মণের পক্ষ থেকে তাদের কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে ভৈরব কেন নিষেধ করেছিলো এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জুনিয়র শিক্ষার্থী দেখা না করতে বলার জন্য ভৈরবকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলে জানা যায়।

পরবর্তীতে বিষয়টি নিয়ে গত শুক্রবার দিভাগত রাত ১২ টার দিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহিদ মিনারে হওয়া ওই সভায় দুই পক্ষেরই শিক্ষার্থীদের উপস্থিতি ছিল বলে জানা গেছে।

সভার এক পর্যায়ে কথা কাটা-কাটিকে কেন্দ্র করেই প্রথম দফায় সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ, যন্ত্রকৌশল বিভাগের একই শিক্ষাবর্ষের তুলন ও নাইমুল সহ অনেকে মারামারিতে জড়িয়ে পড়েন।

শহীদ মিনার প্রাঙ্গণে হতে থাকা সংঘর্ষের একপর্যায়ে মেকাট্রনিক্স ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের রইসুলের চশমা ভেঙে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও আরেক দফা মারামারি হয়।

ভৈরব বর্মণ বলেন,” আমার সাথে ঝামেলা করে পাঁচজন জন। তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের দাহিক, পানিসম্পদ কৌশল বিভাগের রাকিন ও সিয়াম, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের আব্দুল্লাহরা ছিল। শুরুতে আমরা সবাই মিলে ব্যাচের আলোচনায় বসছিলাম। আলোচনা সুন্দর চলছিল, ওরা নিজেরা সিন ক্রিয়েট করে আমার বন্ধুদের মারে। এরকম পরিস্থিতিতে তো কেউ চুপ থাকবে না। এপরিস্থিতিতেই মারামারি শুরু হয়।”

এ ব্যাপারে রাকিন ও আব্দুল্লাহর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায় নি।

চুয়েট চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করে জানা যায়, পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তন্মধ্যে তিন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। বাকি দুই শিক্ষার্থী জোর করে এম্বুল্যান্স নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন বলে জানায় তাঁরা।

এদিকে সংঘর্ষের সময় চুয়েটের আমাদের সময় প্রতিনিধি মিসবাহ উদ্দিন স্বাধীন ভিডিও ধারণ করতে থাকেন। এসময় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে চলতে থাকা মারামারি থামাতে এসে ২০২১-২২ শিক্ষাবর্ষের অনেকে নিজেরাই জড়িয়ে পড়ে। এসময় ভিডিও কেন করেছ জানতে চায় এবং স্বাধীনের ওপর চড়াও হয়। হামলাকারীদের পরিচয় জানতে চাইলে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব সিসিটিভি দেখে তাদের শনাক্তের করে পরিচয় প্রকাশ করা হবে বলে জানান।