চুয়েট থেকেই উপাচার্য চায় শিক্ষক সমিতি, জনদূর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচিকে সমর্থন না করার সিদ্ধান্ত

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ-

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজন উপযুক্ত প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। এ দাবিতে আগামী রোববার (২৯ নভেম্বর) মৌন মিছিলের আয়োজন করেছে সংগঠনটি।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের (২০২৬-২৭) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়েটের চলমান অচলাবস্থা নিরসনে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজন উপযুক্ত প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য পদে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়েছে। এ দাবির পরিপ্রেক্ষিতে আগামী রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২-এর সামনে থেকে একটি মৌন মিছিল বের করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মসূচিতে চুয়েট শিক্ষক সমিতি সমর্থন করে না।

অচলাবস্থার শুরু যেভাবেঃ-

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে কর্মবিরতি পালন করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে।

গত ২৮ অক্টোবর শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়নি। অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে রাখেন। এরপরও অচলাবস্থার নিরসন না হওয়ায় প্রায় এক মাস পর গতকাল বুধবার রাতে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেন তাঁরা।