আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সামনে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, অচলাবস্থা নিরসনের দাবি

চুয়েটনিউজ২৪ ডেস্ক:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দীর্ঘদিনের অচলাবস্থা-সংকট নিরসনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের বাসযোগে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে পৌঁছান শিক্ষার্থীরা। সেখানে দীর্ঘদিন ধরে চলমান সংকটের সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা ‘আমরা কী চাই? সমাধান, তোমরা কী চাও? সমাধান, চুয়েট কী চায়? সমাধান’, ‘শরিফের ঠিকানা, এই চুয়েটে হবে না’, ‘যেই ভিসি ছাত্র মারে, সেই ভিসি আমার না’, ‘আইইবি নীরব কেন? জবাব চাই, জবাব চাই’ এবং ‘প্রহসনের ভিসি, মানি না মানব না’ – এমন বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিনের অচলাবস্থার কারণে বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় ওষুধ, জ্বালানি, লেখার কালি, পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র তৈরির কাগজসহ বিভিন্ন জরুরি সামগ্রীর সংকট দেখা দিয়েছে। এ ছাড়া প্রায় পাঁচ মাস ধরে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহকারীদের বেতন বন্ধ রয়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম আরও ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তারা।

শিক্ষার্থীদের পক্ষ থেকে চুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহিল গালিব বলেন, ‘আপনারা আমাদের ক্লাসে ফিরতে সাহায্য করুন। আমরা ক্লাসে ফিরতে চাই। আমাদের সেই সুযোগটা করে দিন।’

তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে, সরকারের যাঁরা নীতিনির্ধারক রয়েছেন, তাদের সবার কাছে আমাদের আবেদন – আমরা এই মুহূর্তে একজন ভিসি চাই। আমাদের এই প্রশাসনিক সমাধানটা করে দিন। আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করে ক্লাস-পরীক্ষায় ফিরে যাব।’

কর্মসূচিতে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, সেশনজট এড়িয়ে চুয়েটের শিক্ষাকার্যক্রম দ্রুত স্বাভাবিক করাই তাদের মূল লক্ষ্য। চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আইইবি চট্টগ্রাম কেন্দ্রের না থাকলেও সরকারের নীতিনির্ধারণী মহলে শিক্ষার্থীদের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরে কার্যকর সমাধানের পথ তৈরিতে তারা কাজ করছেন।

চুয়েটের শিক্ষাকার্যক্রম স্বাভাবিক করতে আইইবির সহযোগিতার আশ্বাস

তিনি আরও জানান, এ বিষয়ে আইইবির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ইতিবাচক সাড়া পাওয়া গেছে। পাশাপাশি সরকারের সচিব পর্যায়সহ উচ্চপর্যায়ে দায়িত্ব পালনরত চুয়েটের সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিষয়টি সরকারের সর্বোচ্চ মহলে পৌঁছানো হয়েছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অবস্থান কর্মসূচি শেষে আইইবি চট্টগ্রাম কেন্দ্র থেকে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর কাজীর দেউড়ি মোড় প্রদক্ষিণ করে পুনরায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রে গিয়ে শেষ হয়।

অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল