ফাইয়াজ কৌশিকঃ-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ২০২৫–২৬ এ দুর্দান্ত ছন্দে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। টানা দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে দলটি।
আজ ১১ মে (সোমবার) অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ২–০ গোলে হারিয়েছে চুয়েট। আক্রমণ-প্রতি আক্রমণের পুরো ম্যাচজুড়েই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দু-দল। ম্যাচে প্রথম গোলটি আসে ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেসন্স বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ এর পা থেকে। পরে ব্যবধান দ্বিগুণ করে দলের জয় নিশ্চিত করেন পুরকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসমাইল কবির চৌধুরী।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে ১–০ গোলে হারিয়েছিল চুয়েট। সেই ম্যাচে জয়সূচক গোলটি করেছিলেন রুবেল।
টানা দুই জয়ে উচ্ছ্বসিত দলের গোলকিপার নাফিস হাসান নাফি। চুয়েটনিউজ২৪ কে তিনি বলেন, “পরপর দুই ম্যাচে জয় পাওয়ার অনুভূতি সত্যিই অসাধারণ। আমাদের দলটি তরুণ হলেও সবাই আত্মবিশ্বাস নিয়ে খেলছে। পরিশ্রম আর দলীয় ঐক্যের কারণেই আমরা ভালো ফল পাচ্ছি।”
তিনি আরও বলেন, “এই দলটা শুধু কয়েকজন খেলোয়াড়ের সমষ্টি নয়, এটি একদল স্বপ্নবাজ তরুণের গল্প। মাঠের প্রতিটি দৌড়, ট্যাকল আর গোলের পেছনে ছিল বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করার ইচ্ছা। আমরা এভাবেই একসঙ্গে আরও দূর এগিয়ে যেতে চাই।”
নকআউট পর্বে চুয়েটের পরবর্তী ম্যাচটি হবে আগামীকাল বিকাল ৩ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে। এবারের টুর্নামেন্টে আয়োজকের ভূমিকায় রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এতে মোট ৪৩টি বিশ্ববিদ্যালয়ের টিম অংশগ্রহণ করবে। এর মধ্যে ৩৪টি ছেলেদের ও মেয়েদের রয়েছে ৯টি টিম।