মিসবাহ উদ্দীন স্বাধীন:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ড. কুদরত-ই-খুদা হলের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ৩০শে এপ্রিল (বৃহস্পতিবার) উক্ত হল প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
এ অনুষ্ঠানে হলের বিদায়ী বর্ষের শিক্ষার্থী ও অন্যান্য বর্ষের আবাসিক শিক্ষার্থীরা ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে হলের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, অনুষ্ঠানের সূচনা হয় সন্ধ্যা সাতটায় মশাল মিছিলের মাধ্যমে। এসময় হলের সকল বর্ষের শিক্ষার্থীরা মশাল জ্বালিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। মিছিলের পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শুরু হয় ‘কাওয়ালি সন্ধ্যা’। এসময় শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন কাওয়ালি গান উপভোগ করেন।
কাওয়ালি শেষে রাত নয়টার দিকে শুরু হয় ভুরিভোজ পর্ব। এসময় বিশেষ আকর্ষণ হিসেবে বাঙালি ঐতিহ্যের আদলে কলাপাতায় খাবার পরিবেশন করা হয়। নৈশভোজের পর আবারও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এসময় নাচ,গান,আনন্দ-অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠে পুরো হলপ্রাঙ্গন। বিভিন্ন অনুষ্ঠান পর্ব শেষে রাত বারোটায় এই অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
অনুষ্ঠানের বিষয়ে জানতে চাইলে ড.কুদরত-ই -খুদা হলের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসমাইল হোসেন জানান,” চুয়েটের ইতিহাসে এই প্রথম কোনো একটি হলের জুনিয়র শিক্ষার্থীদের উদ্যোগে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এমন সৃজনশীল ও ব্যতিক্রমধর্মী আয়োজন আমাদের জন্য সত্যিই ছিল গর্বের এবং আনন্দের। বিদায়ী ব্যাচ হিসেবে আমরা এই আয়োজনটি গভীরভাবে উপভোগ করেছি, জুনিয়রদের আন্তরিক প্রচেষ্টা আমাদের মুগ্ধ করেছে। বিশেষ করে মশাল মিছিলের উদ্দীপনা, কলাপাতায় খাবার পরিবেশনের ঐতিহ্যবাহী ছোঁয়া এবং সাংস্কৃতিক পর্বের প্রাণবন্ত পরিবেশ পুরো আয়োজনটিকে অনন্য মাত্রা দিয়েছে। সব মিলিয়ে এটি ছিল একটি স্মরণীয় ও হৃদয়ছোঁয়া অভিজ্ঞতা, যা দীর্ঘদিন মনে থাকবে।”