রোবোটিক্স প্রতিযোগিতায় চুয়েটের সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে তুরস্কে প্রতিনিধিত্বের সুযোগ

মিসবাহউদ্দিন স্বাধীন:

আন্তর্জাতিক রোবোটিক্স ও উদ্ভাবন প্রতিযোগিতা ‘গ্লোবাল রোবোটিক্স অ্যান্ড ইনোভেশন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর জাতীয় পর্যায়ে দ্বিতীয় রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের দল ‘সিঙ্ক রোবোটিক্স’।

গত ৯ মে (শনিবার) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে এই সাফল্য অর্জন করে দলটি। এছাড়াও ‘প্রজেক্ট লীগ’ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে বিশেষ সম্মাননা অর্জন করে দলটি।

গ্লোবাল রোবোটিক্স অ্যান্ড ইনোভেশন কনসোর্টিয়াম (গ্রিক) বাংলাদেশ আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, উদ্ভাবক, গবেষক ও তরুণ উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

এ ফলাফলের মাধ্যমে দলটি তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

প্রতিযোগিতায় ‘সিঙ্ক রোবোটিক্স’ দলটির নেতৃত্ব দেন চুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৌরভ তরফদার। দলের অন্যান্য সদস্যরা ছিলেন একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম ইমন, ফারিয়া আনোয়ারা অধরা এবং পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইফাজ হোসাইন। চুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ দলটিকে সার্বিক দিকনির্দেশনা প্রদান ও তত্ত্বাবধান করেন।

দলটির নেতৃত্ব প্রদানকারী সদস্য সৌরভ তরফদার বলেন, “একটি গবেষণার প্রকৃত মূল্য তখনই তৈরি হয়, যখন তা বাস্তব সমস্যার সমাধান দিতে পারে। আমরা গবেষণার ফলাফলকে শুধু গবেষণাপত্রের ভেতরে সীমাবদ্ধ না রেখে বাস্তব প্রয়োগে রূপ দেওয়ার চেষ্টা করছি যাতে তা মানুষের জীবনে সরাসরি উপকারে আসে।”

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য আমাদের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। গ্লোবাল রাউন্ডে অংশগ্রহণের জন্য যাতায়াত, প্রজেক্ট ডেভেলপমেন্ট ও প্রদর্শন ব্যয়ের কারণে আমাদের স্পন্সর ও ফান্ডিং সাপোর্ট প্রয়োজন। দেশের উদ্ভাবন ও তরুণ গবেষণাকে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সকলের সহযোগিতা কামনা করছি।”