চুয়েটে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইইই বিভাগ

চুয়েটনিউজ২৪ডেস্ক:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শারীরিক শিক্ষা কেন্দ্র কর্তৃক আয়োজিত “আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ২০২৬” এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ মে (শুক্রবার) বেলা সাড়ে তিনটায় চুয়েটের কেন্দ্রীয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ। রানার্সআপ হয়েছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ।

চূড়ান্ত খেলায় বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রথমে ব্যাটিং করে ১০ উইকেটে ৫৯ রান সংগ্রহ করে। জবাবে ৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ বিনা উইকেটে ৬৩ রান সংগ্রহ করে এবং ১০ উইকেটে জয়ী হয় । টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ছাত্র নাসিম রহমান। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহ করেন (১৯১ রান) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ছাত্র নাসিম রহমান এবং সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেন (৯ উইকেট) পুরকৌশল বিভাগের ছাত্র জান্নাতুল নাইম।

উক্ত ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

প্রধান অতিথির বক্তব্যে হুমাম কাদের চৌধুরী বলেন, “তরুণদের নিয়ে বর্তমান সরকার অনেক কাজ করছে। যে কষ্টটা আমাদের প্রজন্ম করছে, আমাদের পরের প্রজন্মকে যেন সে কষ্টটা করতে না হয়। চুয়েট এর একজন ছাত্র বাংলাদেশের মধ্যে সবচেয়ে সফল প্রকৌশলী হিসেবে পরিচিত পেয়েছে শুনলে আমি সবচেয়ে গর্বিত হবো। কারণ এই এলাকার সন্তান আমি, এই চুয়েটসহ আরও অনেক প্রতিষ্ঠান স্থাপনে আমাদের পরিবারের অবদান রয়েছে।”

তিনি আরও বলেন, “প্রচলিত রাজনৈতিক সংশ্লিষ্টতার চেয়ে মেধাবী প্রজন্ম হিসেবে নিজেদের তৈরি করার কাজকে আমি প্রাধান্য দিই, নতুন প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তোলা আমাদের দায়িত্ব।”