উপাচার্য পুনর্বহালের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান চুয়েট শিক্ষার্থীরা

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ-

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। তাঁরা বলেছেন, অধ্যাপক সায়েমকে মাত্র ৫৬ দিনের মাথায় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করে তাঁকে পুনর্বহাল করা হোক।

রোববার বিকেল চারটায় চুয়েটের শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ দাবি জানান। এর আগে ‘৫৬তেই কেন’ প্রশ্ন তুলে বিভিন্ন কর্মসূচি পালন করেন তাঁরা। এদিন টানা ষষ্ঠ দিনের মতো শাটডাউন পালন করেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার হিশাম, মৌমিতা দত্ত প্রিয়া ও রাতুল হাসান। তাঁরা বলেন, অধ্যাপক সায়েম দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক কোলাবোরেশন অফিস, রিসার্চ হাব, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগসহ বিভিন্ন উদ্যোগ শুরু করেছিলেন। এসব উদ্যোগ পর্যাপ্ত সময় পেলে চুয়েটের শিক্ষার গুণগত মান ও গবেষণার পরিসর আরও বিস্তৃত হওয়ার সুযোগ ছিল।

শিক্ষার্থীরা বলেন, “আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি।” চুয়েট পরিবারের উদ্বেগ, দেশ-বিদেশের অ্যালামনাইদের সংহতি, আন্তর্জাতিক একাডেমিক মহলের সমর্থন এবং অধ্যাপক সায়েমের নেওয়া শিক্ষা ও গবেষণামুখী উদ্যোগগুলো বিবেচনায় নিয়ে চলমান পরিস্থিতি পুনর্বিবেচনার আহ্বান জানান তাঁরা।

তাঁরা আরও বলেন, তাঁদের আন্দোলন কোনো সরকারবিরোধী আন্দোলন নয়। তাঁদের দাবি একটাই এবং অপরিবর্তিত—অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহাল করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।