খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগে চুয়েট হল ক্যান্টিন বন্ধ

চুয়েটনিউজ২৪ডেস্ক:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মুক্তিযোদ্ধা হল ক্যান্টিনে পরিবেশিত মুরগির মাংসের তরকারিতে তেলাপোকা পাওয়ার অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্যান্টিনটি বন্ধ করে দেন।

জানা যায়, গত রবিবার (১৭ মে) রাত সাড়ে দশটার দিকে স্থাপত্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আরিক জামান তার খাবারে তেলাপোকাটি পান।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, “গতকালকে রাতে হল ক্যান্টিনে খাবার খাওয়ার একপর্যায়ে যখন মুরগির মাংসের বাটিটা উপুড় করে সম্পূর্ণ তরকারিটা প্লেটে নেই তখন দেখি একটি তেলাপোকা রয়েছে মাংসের সাথে। বিষয়টি ক্যান্টিন কর্তৃপক্ষকে জানালে তারা বিল দিতে মানা করে। তখন ব্যস্ততার কারণে তাদের সাথে তেমন একটি কথাবার্তা বলা হয়নি। পরে রুমে এসে বন্ধুদের সাথে আলোচনা করে হল গ্রুপে একটি পোস্ট করা হয়। এই পোস্টটি দেখার পর ২১ ব্যাচের ভাইয়েরা পরবর্তীতে গিয়ে ক্যান্টিনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।”

মুক্তিযোদ্ধা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বিপুল চন্দ্র মণ্ডল চুয়েটনিউজ২৪ কে বলেন, “শিক্ষার্থীদের খাবারের মান ও স্বাস্থ্য সচেতনতার বিষয়টি সবসময় আমাদের নজরদারিতে থাকে। ক্যান্টিনের পরিচ্ছন্নতার মান আগে থেকেই ভালো ছিল না। সেজন্য ক্যান্টিন কর্তৃপক্ষকে জুন মাসের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এখন এমন ঘটনা ঘটে যাওয়ায় ক্যান্টিন কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। নতুন করে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি খাবারের মান নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।”