মো: মিসবাহ উদ্দিন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার এইডেড ডিজাইন সফটওয়্যারে দক্ষতা অর্জনে কাজ করা সংগঠন চুয়েট ক্যাড সোসাইটির ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৬ জুলাই (রবিবার) বিশ্ববিদ্যালয়ের ইএমই ভবনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসিফুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মীর মোস্তফা তাহমিদ।
৩৭ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সহ-সভাপতি পদে মো: আব্দুল্লাহ শাহারিয়ার (এডমিন), মো: শিশির আলম শিমুল (আইটি অ্যান্ড অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং সেকশন), আব্দুল্লাহ আর রিফাত (ক্যাড), মো: মেহেদী হাসান কাজী (সিমুলেশন), সাংগঠনিক সম্পাদক পদে মো: রেজওয়ানুল আবেদীন এবং কোষাধ্যক্ষ পদে আজাহারুল ইসলাম মনোনীত হয়েছেন।
উক্ত সভায় যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ও সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক এবং একই বিভাগের প্রভাষক ও সংগঠনের মডারেটর প্রতিক চন্দ্র ঘোষ উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণকালে নবনির্বাচিত সভাপতি আসিফুল হক বলেন, “আমার উপর আস্থা রাখার জন্য সকলকে ধন্যবাদ। আমি বিশ্বাস করি, একটি সংগঠনের সফলতা দলগত কাজের ওপর নির্ভর করে। তাই আমি সকলকে সঙ্গে নিয়ে দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত জ্ঞানচর্চা এবং নতুন নতুন উদ্যোগের মাধ্যমে চুয়েট ক্যাড সোসাইটিকে আরও সমৃদ্ধ করার জন্য কাজ করতে চাই।”
উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে চুয়েট ক্যাড সোসাইটি নিয়মিতভাবে ত্রিমাত্রিক ডিজাইন, সিমুলেশন এবং মেকানিকাল ডিজাইন সংশ্লিষ্ট প্রশিক্ষণ, কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করে আসছে।