সাব্বির হোসেন:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চুয়েট সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টায় উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক সমিতির পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সাক্ষাতে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি সময় টেলিভিশনের প্রতিনিধি আসাদুল্লাহ গালিব, সাধারণ সম্পাদক প্রথম আলোর প্রতিনিধি ফাইয়াজ মুহাম্মদ কৌশিক, সহ সভাপতি সমকালের প্রতিনিধি মো. ফাহিম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক খবরের কাগজের প্রতিনিধি ইবাদ হোসেন এবং কার্যকরী সদস্য কালের কণ্ঠের প্রতিনিধি নাজমুল কবির সিয়াম ও দৈনিক আজাদীর প্রতিনিধি সাব্বির হোসেন উপস্থিত ছিলেন। এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি তানবির আহমেদ চৌধুরী ফাহিম।
সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, “বিদেশে থেকে হয়তো নিজের জন্য অনেক কিছু অর্জন করা যেত। কিন্তু আমি শিক্ষার্থীদের জন্য কিছু করতে চেয়েছি। ভিসি হিসেবে নতুন দায়িত্ব নিয়ে চুয়েটকে আরো অনেকদূর এগিয়ে নিতে চাই।”
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কার্যক্রম, সাফল্য ও অর্জন প্রতিনিয়ত দেশ ও বিশ্বমঞ্চে তুলে ধরায় সাংবাদিক সমিতির ভূয়সী প্রশংসা করেন তিনি। পাশাপাশি তিনি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় চুয়েট সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উন্নয়নসহ ইতিবাচক কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।