চুয়েটনিউজ২৪ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পুকুরে ডুবে এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। ২৮ জুলাই (মঙ্গলবার) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত অর্ণব সাহা বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অর্ণব সাহা বন্ধুদের সাথে কবি কাজী নজরুল ইসলাম হল-সংলগ্ন পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। খবর পেয়ে অন্যান্য শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ২০ মিনিট চেষ্টার পর তাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে থাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর শাহরিয়ার রিমন বলেন, “আমরা হলে নিজের কক্ষে অবস্থান করছিলাম। সবার চিৎকার শুনে ঘটনাস্থলে যাই। সেখানে যাওয়ার কিছুক্ষণ পর খোঁজাখুঁজি শেষে তার দেহ হলের পুকুর থেকে তুলতে দেখি।”
উদ্ধার পরবর্তী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে দ্রুত চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, মৃত অর্ণব সাহার বাড়ি ফেনী জেলায়। রাতেই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে অর্ণব সাহার মৃত্যুতে শোকে মুষড়ে পড়েছেন সহপাঠী ও শিক্ষকরা। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। তার এই অকাল মৃত্যুতে বুধবার (২৯ জুলাই) শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উপলক্ষে বিকেল ৩টায় চুয়েটের কেন্দ্রীয় মিনায়তনে এক শোকসভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।