ইবাদ হোসেন:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সংগঠন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সোসাইটি (বিএমইএস)-এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
গত বুধবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) ভবনের সম্মেলন কক্ষে সংগঠনটির প্রথম বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ। অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিপু কুমার দাস।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএমই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসান আলম সিয়াম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বর্ষের সপ্তর্ষি দস্তিদার।
সহ-সভাপতি (প্রশাসন) হিসেবে রাফিউল মুমিন রিয়ান, সহ-সভাপতি (বাহ্যিক বিষয়ক) হিসেবে মো. মুশফিকুস সালেহীন রাজিন এবং সহ-সভাপতি (অভ্যন্তরীণ বিষয়ক) হিসেবে তাসফিয়া আলম রাফা দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্য পদে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আল-আমিন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহিউল ইসলাম। গবেষণা ও উন্নয়ন সম্পাদক হিসেবে সাবিহা শবনম নিজরা, দপ্তর সম্পাদক হিসেবে মুহাম্মদ নাঈমুল ইসলাম, প্রজেক্ট ও উন্নয়ন সম্পাদক হিসেবে আরাফাত মোহাম্মদ এবং শিক্ষার্থী বিষয়ক সম্পাদক হিসেবে ফারহানা খান দায়িত্ব পালন করবেন। এছাড়া ওয়ার্কশপ ও সেমিনার বিষয়ক সম্পাদক পদে শ্রাবণী বড়ুয়া, গ্রাফিক্স ও মিডিয়া সম্পাদক পদে শ্রাবন্তী রায় কেয়া মণি এবং ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক পদে পান্থ দাশ পৃথু দায়িত্ব পেয়েছেন।
পাশাপাশি কার্যনির্বাহী কমিটির অংশ হিসেবে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন দায়িত্বে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি হাসান আলম সিয়াম চুয়েটনিউজ২৪-কে বলেন, “চুয়েট বিএমইএসের পূর্ববর্তী কমিটির গড়ে তোলা সুন্দর পথচলাকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের জন্য সম্মানের। সকলের সহযোগিতা ও দিকনির্দেশনায় আমরা শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও নেতৃত্বের সুযোগ সৃষ্টি করে এ সংগঠনকে আরও সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
নতুন কমিটির পরিকল্পনা তুলে ধরে সাধারণ সম্পাদক সপ্তর্ষি দস্তিদার জানান, “নতুন এই যাত্রায় আমরা দলগত প্রচেষ্টা, সক্রিয় অংশগ্রহণ ও সৃজনশীলতার মাধ্যমে চুয়েট বিএমইএসের কার্যক্রমকে আরও গতিশীল করতে চাই। সকলের সহযোগিতায় একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ চুয়েট বিএমইএস গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
প্রসঙ্গত, সভায় সংগঠনের পূর্ববর্তী কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন একাডেমিক ও সহশিক্ষামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।