শিল্পকারখানার উৎপাদন প্রক্রিয়া দেখে বাস্তব অভিজ্ঞতা অর্জন করলো চুয়েট শিক্ষার্থীরা

জারীন তাসমীন সাবা

সপ্তাহের ছুটির দিনেও শেখার আগ্রহে ভাটা পড়েনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের। পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব শিল্পক্ষেত্রের সঙ্গে মিলিয়ে দেখার সুযোগ খুঁজতেই গত ২০ জুন(শনিবার) আমেরিকান সোসাইটি অব হিটিং, রেফ্রিজারেটিং অ্যান্ড এয়ার-কন্ডিশনিং ইঞ্জিনিয়ার্স (অ্যাশরেই) চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চের উদ্যোগে ৩৫ জন শিক্ষার্থী অংশ নেন একটি শিল্পকারখানা পরিদর্শনে। ২০ আবর্তের ক্লাব প্রতিনিধিদের তত্ত্বাবধানে আয়োজিত এ পরিদর্শনে শিক্ষার্থীরা সরাসরি প্রত্যক্ষ করেন একটি শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব কর্মপ্রক্রিয়া, যেখানে একটি পণ্য ধাপে ধাপে কীভাবে পূর্ণাঙ্গ রূপ পায়, তা কাছ থেকে দেখার সুযোগ মেলে।

পরিদর্শনটি অনুষ্ঠিত হয় এইচভিএসি (উত্তাপন, বায়ু চলাচল, শীতাতপ নিয়ন্ত্রণ ও শীতলীকরণ) খাতের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান এলিট হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে। সেখানে শিক্ষার্থীরা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র উৎপাদনের বিভিন্ন ধাপ সরাসরি পর্যবেক্ষণ করেন। বিশেষ করে এসির বহিরাঙ্গন ইউনিট তৈরি, বিভিন্ন যন্ত্রাংশের সংযোজন এবং উৎপাদনের প্রতিটি ধাপের সমন্বিত কার্যক্রম তাঁদের কাছে বাস্তব অভিজ্ঞতার নতুন দিগন্ত উন্মোচন করে।

পরিদর্শনে অংশ নেওয়া যন্ত্রকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, “সেখানে আমরা মূলত এসি উৎপাদন প্রক্রিয়াটি বাস্তবভাবে দেখার সুযোগ পেয়েছি। বিশেষ করে এসির বহিরাঙ্গন ইউনিট তৈরি এবং এর প্রতিটি অংশ কীভাবে ধাপে ধাপে সংযোজিত হয়, তা কাছ থেকে দেখেছি। শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞান বাস্তব শিল্পক্ষেত্রে কীভাবে প্রয়োগ করা হচ্ছে, তা সরাসরি দেখার ফলে এসি উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে আমাদের গভীর বাস্তব জ্ঞান অর্জন সম্ভব হয়েছে। একটি বৃহৎ শিল্পকারখানার বাস্তব কর্মপরিবেশের এই অভিজ্ঞতা আমাকে মূল্যবান পেশাগত অন্তর্দৃষ্টি দিয়েছে।”

এ বিষয়ে চুয়েট অ্যাসরে স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি যন্ত্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম স্বপ্ন বলেন, “এইচভিএসি বিষয়ে শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব শিল্পক্ষেত্রে দেখার সুযোগ করে দিয়েছে এ পরিদর্শন। এলিট হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ অভিজ্ঞতাটিকে আরও সমৃদ্ধ করেছে। এ ধরনের শিল্প পরিদর্শন প্রকৌশল শিক্ষার্থীদের বাস্তব শিল্পপরিবেশ সম্পর্কে সম্যক ধারণা প্রদান এবং ভবিষ্যৎ পেশাজীবনের জন্য নিজেদের প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

উল্লেখ্য, অ্যাসরে স্টুডেন্ট ব্রাঞ্চের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের এইচভিএসি ও বিল্ডিং সায়েন্স–সংশ্লিষ্ট প্রযুক্তিতে দক্ষ ও পেশাদার হিসেবে গড়ে তোলা। বিভিন্ন কারিগরি সেমিনার, কর্মশালা এবং শিল্পকারখানা পরিদর্শনের মাধ্যমে সংগঠনটি শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞান ও বাস্তব কর্মক্ষেত্রের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। পাশাপাশি আন্তর্জাতিক নকশা প্রতিযোগিতায় অংশগ্রহণ, বৈশ্বিক পেশাজীবীদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং টেকসই প্রকৌশল গবেষণায় সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সংগঠনটি।