চুয়েটনিউজ২৪ ডেস্কঃ-
পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডে (পিডিবি) ডিপ্লোমাদের পদোন্নতির কোটা বাড়ানোর দাবির প্রতিবাদে মানববন্ধন করেছেন বিএসসি প্রকৌশলী ও প্রকৌশল শিক্ষার্থীরা।
রোববার রাজধানীর সচিবালয় এলাকার বিদ্যুৎ ভবনের সামনে ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’ আয়োজিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
সম্প্রতি পিডিবির ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির ক্ষেত্রে ডিপ্লোমাদের জন্য বিদ্যমান ৩৩ শতাংশ কোটা বাড়িয়ে ৫০ শতাংশ করার দাবি জানিয়েছে। এর প্রতিবাদেই এ কর্মসূচি পালন করেন বিএসসি প্রকৌশলী ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু বলেন,
"প্রস্তাবিত কোটা বাড়ানো হলে মেধাভিত্তিক প্রতিযোগিতা, পেশাগত মান এবং বিদ্যুৎ খাতের প্রকৌশল কাঠামোর ভারসাম্য ক্ষতিগ্রস্ত হবে। উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতিতে বিদ্যমান ৩৩ শতাংশ কোটিই সমস্যাজনক। সেটি ৫০ শতাংশ করা হলে যোগ্য গ্র্যাজুয়েট প্রকৌশলীদের সুযোগ আরও সংকুচিত হবে।"
প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন,
"সহকারী প্রকৌশলী ও উপবিভাগীয় প্রকৌশলী পদে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ, প্রকৌশল নকশা, কারিগরি তদারকি, প্রকল্প ব্যবস্থাপনা ও নীতিমালা বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। তাই এসব পদে নিয়োগ ও পদোন্নতিতে শিক্ষাগত যোগ্যতা, প্রকৌশল জ্ঞান, পেশাগত দক্ষতা ও প্রতিযোগিতামূলক মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।"
মানববন্ধনে বক্তারা বলেন, পদোন্নতির কোটা বাড়ানো হলে সহকারী প্রকৌশলী পদে সরাসরি নিয়োগের সুযোগ কমে যাবে। এতে বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করা তরুণেরা সরকারি চাকরিতে সমানভাবে প্রতিযোগিতার সুযোগ থেকে বঞ্চিত হবেন।
তাঁরা আরও বলেন,
"সহকারী প্রকৌশলী পদে সরাসরি নিয়োগের সুযোগ কমিয়ে পদোন্নতির কোটা বাড়ানো হলে প্রতিবছর বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বের হওয়া প্রকৌশলীদের কর্মসংস্থানের সুযোগ আরও সংকুচিত হবে।"
(খবর দ্যা নিউ এজ)