মো: তানভীর আহমাদ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রযুক্তি ও প্রোগ্রামিং বিষয়ক সংগঠন চুয়েট কম্পিউটার ক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অত্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের আরেক শিক্ষার্থী মো:মাহি ইসলাম।
গত ২৫ আগস্ট (মঙ্গলবার) বিকাল ৫ টায় আইটি বিজনেস ইনকিউবেটরের মিলনায়তনে আয়োজিত সংঠনটির বার্ষিক সাধারণ সভায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির মডারেটর এবং অত্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের প্রভাষক মো: রিফাজ হোসেন ও সায়মন হোসাইন সোহান।
এছাড়া সহ-সভাপতি (এডমিন) মো:জামিল হোসেন শাফি, সহ-সভাপতি (টেকনিক্যাল) হিসেবে শাহাদাত হোসাইন রনি, সহ-সভাপতি (সাংগঠনিক) সমন্বিতা সরকার, সাংগঠনিক সম্পাদক হিসেবে সীমান্ত চক্রবর্তী, সাংগাঠনিক সম্পাদক(প্রোগ্রামিং) হিসেবে ইফতেখার আলম এবং অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো:ফালাদুন ইসলাম।
সভায় কমিটি ঘোষণার পাশাপাশি সংগঠন কর্তৃক আয়োজিত ওয়ার্কশপ, সেমিনার ও প্রতিযোগিতা সমূহের বিবরণ তুলে ধরা হয়। এছাড়াও তিনটি প্রতিযোগিতা যথাক্রমে ম্যাথ ফোর্সেস, বিল্ড@চুয়েট ও চুয়েট অন্ত:বিশ্ববিদ্যালয় দ্বৈত প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়। সভার শেষের দিকে সংগঠনের সাবেক কমিটির সদস্যদের হাতে স্মারক প্রদানের মাধ্যমে তাদের সম্মাননা জানানো হয়।
নবনির্বাচিত সভাপতি তৌহিদুল ইসলাম চুয়েটনিউজ২৪ কে জানান,
"চুয়েট কম্পিউটার ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের ক্লাবের প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তার বিকাশের পাশাপাশি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর চর্চাকে আরও ত্বরান্বিত করা।আমি বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা চুয়েটে একটি শক্তিশালী ও ডাইনামিক টেক-কমিউনিটি গড়ে তুলতে সক্ষম হবো।"
তিনি আরও বলেন,
"আগামীতে আমরা বড় পরিসরে কাজ করার পরিকল্পনা হাতে নিয়েছি। আমাদের লক্ষ্য হলো খুব শিগগিরই চুয়েটে জাতীয় পর্যায়ের আইইউপিসি, হ্যাকাথন এবং ডাটাথন এর মতো মেগা ইভেন্ট আয়োজন করা। এসব আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে চাই।"