মো. মিসবাহ উদ্দিন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হতে যাচ্ছে মেরিকো বাংলাদেশ আয়োজিত জাতীয় পর্যায়ের ব্যবসায়িক কৌশল ও উদ্ভাবন প্রতিযোগিতা ‘ওভার দ্য ওয়াল’-এর পঞ্চম আসরের আনুষ্ঠানিক প্রচারাভিযান। আমেরিকান সোসাইটি অব মেকানিকাল ইঞ্জিনিয়ার্স (এএসএমই) চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে আগামী ১৪ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৪টায় চুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্টরা জানান, করপোরেট জগতের বাস্তব সমস্যার সমাধান ও নতুন চিন্তার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা যাচাইয়ের সুযোগ করে দেয় ‘ওভার দ্য ওয়াল’। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা বাস্তবধর্মী কেস স্টাডি বিশ্লেষণ, নতুন ব্যবসায়িক ধারণা তৈরি, ব্র্যান্ড ব্যবস্থাপনা ও পণ্য উন্নয়নের মতো বিষয়ে নিজেদের দক্ষতা তুলে ধরতে পারেন।
প্রচারাভিযানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেরিকো বাংলাদেশ-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার শফিক মুশাররফ। আরো উপস্থিত থাকবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: সাইফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
চুয়েটের সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে অনুষ্ঠানটি। করপোরেট জগতের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে সরাসরি ধারণা নেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে যোগাযোগ, দক্ষতা উন্নয়ন এবং ব্যবসায়িক উদ্ভাবন সম্পর্কে জানার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে কর্পোরেট পেশাজীবীদের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্বের আয়োজন থাকছে।
আয়োজনের বিষয়ে জানতে চাইলে এএসএমই চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের চেয়ার প্রিয়ম চক্রবর্তী বলেন,
"আমি খুবই আনন্দিত যে ম্যারিকোর প্রধান প্রতিযোগিতা 'ওভার দ্য ওয়াল'-এর প্রচারাভিযান আমাদের ক্যাম্পাসে হচ্ছে। আমার প্রত্যাশা- শুধু ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরাই নয়, ইঞ্জিনিয়ারিংসহ সব ডিসিপ্লিনের শিক্ষার্থীরা এখানে ব্যাপকভাবে অংশ নেবে। তারা ম্যারিকোর নেতৃবৃন্দের কাছ থেকে সরাসরি শিখবে, কীভাবে ব্যবসায়িক সমস্যা বিশ্লেষণ করে টেকসই ও ডিজিটাল সমাধান দাঁড় করাতে হয়, আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করতে হয়। সাথে দলগত কাজ আর শিল্পখাতের যোগাযোগের অভিজ্ঞতা ক্যারিয়ারে অনেক কাজে দেবে।"