চুয়েটে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের বিশেষ প্রদর্শনী

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ-

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি (ডিইউএফএস) আয়োজিত ১৭তম আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের (আইআইইউএসএফএফ) বিশেষ প্রদর্শনী।

আগামীকাল ১৪ সেপ্টেম্বর (সোমবার) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের আইটি ইনকিউবেটরের মিলনায়তনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ক্যাম্পাস পার্টনার হিসেবে আয়োজনটি করছে চুয়েটের সাংস্কৃতিক সংগঠন ‘জয়ধ্বনি’।

আয়োজকেরা জানান, এবারের উৎসবে বিশ্বের প্রায় ৯২টি দেশ থেকে ১ হাজার ২৬৯টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে। সেসব চলচ্চিত্র থেকে বাছাই করা কয়েকটি চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী হবে চুয়েট ক্যাম্পাসে। প্রদর্শনীটি চলচ্চিত্রপ্রেমী শিক্ষার্থীসহ ক্যাম্পাসের সবার জন্য উন্মুক্ত।

জয়ধ্বনির সভাপতি ও যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, ‘দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ চলচ্চিত্রপ্রেমী ও নির্মাতাদের অনুপ্রাণিত করতে ২০০৭ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব আয়োজন করে আসছে। গত বছরের পর এবারও জয়ধ্বনির উদ্যোগে চুয়েট ক্যাম্পাসে উৎসবের বাছাই করা চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আশা করি, এই উদ্যোগ আমাদের ক্যাম্পাসের আগ্রহী তরুণ নির্মাতা ও কলাকুশলীদের ভবিষ্যতে ভালো কিছু নির্মাণে উৎসাহিত করবে। প্রত্যাশা থাকবে, আমাদের ক্যাম্পাসে নির্মিত চলচ্চিত্রও পরবর্তী বছরগুলোতে এ ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জায়গা করে নেবে।’

এ প্রদর্শনীর মূল আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি। ফেস্টিভ্যাল পার্টনার হিসেবে রয়েছে নরওয়ে দূতাবাস ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।