সাব্বির হোসাইনঃ-
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দুই ধাপে এ ওরিয়েন্টেশন কর্মসূচি আয়োজন করা হয়েছে।
প্রথম ধাপের ওরিয়েন্টেশন সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এতে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, নগর ও অঞ্চল পরিকল্পনা, কম্পিউটার বিজ্ঞান ও কৌশল, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের নবাগত শিক্ষার্থীরা অংশ নেবেন।
দ্বিতীয় ধাপের ওরিয়েন্টেশন শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে। এ পর্বে পুরকৌশল, যন্ত্রকৌশল, পানিসম্পদ কৌশল, মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।
কেন্দ্রীয় ওরিয়েন্টেশন শেষে নবাগত শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগে বিভাগীয় পরিচিতি সভা ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন।
উল্লেখ্য, ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গত ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি চট্টগ্রাম শহরের আরও দুটি উপকেন্দ্রে অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় প্রায় ১২ হাজার ৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরবর্তীতে প্রকাশিত মেধাতালিকার ভিত্তিতে পাঁচ ধাপে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে নবাগত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করা হয়েছে।