প্রতিমন্ত্রী আসায় রাজনীতি নিষিদ্ধ চুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের শোডাউন

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ-

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকলেও মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ক্যাম্পাসে চুয়েট ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি শোডাউনের দৃশ্য দেখা যায়। সকাল ৯টার দিকে প্রতিমন্ত্রী ক্যাম্পাসে পৌঁছালে ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সজল, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন তন্ময়সহ কয়েকজন নেতাকর্মী তাকে স্বাগত জানান। পরে তারা প্রধান ফটক থেকে কেন্দ্রীয় মিলনায়তন পর্যন্ত একত্রে অগ্রসর হন।

এ ব্যাপারে জানতে চাইলে সভাপতি ওয়াসিফ রাশেদ চুয়েটনিউজ২৪কে বলেন,” আজ আমাদের কর্মসূচি ছিল। প্রতিমন্ত্রী আসলে আমরা চুয়েট ছাত্রদলের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। পরবর্তীতে এগিয়ে দেই, শোডাউনও দেয়া হয়েছিলো। এছাড়া এরপর আমরা তার কাছে আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরি।”

এছাড়া ছাত্র রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের এমন কর্মসূচি পালনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন,” আমি মনে করি সারা বাংলাদেশে সুস্থ ও গণতান্ত্রিক ধারার রাজনীতি চলমান আছে। সেক্ষেত্রে চুয়েট ছাত্রদলের পক্ষ থেকে এর আগেও আমরা বলেছি ক্যাম্পাসে সুস্থ ও সহযোগিতামূলক রাজনীতি দরকার। এতে সাধারণ ছাত্র এবং ক্যাম্পাসের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কাজ করা যায়। সেই প্রেক্ষিতে আমরা মনে করি যেহেতু মন্ত্রী মহোদয়ের আগমন হয়েছে, আমরা তার সাথে দেখা করে আমরা সবার দাবি দাওয়া গুলো চুয়েটের স্বার্থেই বলেছি।”

এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম চুয়েটনিউজ২৪কে জানান,” ক্যাম্পাসে যেহেতু ছাত্র রাজনীতি নিষিদ্ধ। তাই ওরা এমন করে থাকলে আইন ভঙ্গ করেছে। আর আইন ভঙ্গ করলে অবশ্যই সেই অনুযায়ী শাস্তি পাবে।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন ও রাজনৈতিক কার্যক্রমে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হয়। তবে এর পরবর্তী সময়ে ১০ জুলাই চুয়েট ছাত্রদলের ৯ সদস্যের একটি কমিটি ঘোষণার ঘটনাকে কেন্দ্র করে সে সময় শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া ও প্রতিবাদ কর্মসূচিও দেখা যায়।