চুয়েট ফটোগ্রাফিক সোসাইটির নতুন কমিটি ঘোষণা

মোঃ তানভীর আহমাদ :

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আলোকচিত্রীদের সংগঠন চুয়েট ফটোগ্রাফিক সোসাইটি–এর ২০২৫-২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৩১শে জুলাই(বৃহস্পতিবার) চুয়েটের ছাত্র-শিক্ষক মিলনায়তন ভবনের ৩য় তলায় এক আয়োজিত সভায় পূর্ববর্তী কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৈয়দ সাদমান সারার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাহমিদ ফুয়াদ খান।

এছাড়াও ১৬ সদস্যের কমিটিতে সহ-সভাপতি পদে ইফতেখার নাঈম তাসিন ও পৃথা সাহা, সাংগঠনিক সম্পাদক তানভীর আনজুম আদীব , অর্থ সম্পাদক শুভদ্বীপ সাহা মনোনীত হয়েছেন। কমিটির বাকি সদস্যদের মধ্যে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মুহাইমিনুল ইসলাম নাঈম, যুগ্ম সংগঠনিক সম্পাদক দশন প্রু মারমা এবং লামিয়া তাসনিম খান, যুগ্ম অর্থ সম্পাদক সচিন বিশ্বাস, ডিজাইন সেক্রেটারি মোঃ জুনায়েদ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাহ্দি হাসান সামি, এডভার্টাইজিং সেক্রেটারি তানজিয়া তাসনিম এবং দিগন্ত দাস, ফিল্ম সেক্রেটারি আদিল রায়হান এবং জনসংযোগ পদে সিয়াম ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড.কামরুল হাসান,স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক ও সংগঠনের মডারেটর অমিত ইমতিয়াজ এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.স্বপন কুমার রয়।

চুয়েট ফটোগ্রাফিক সোসাইটির নবগঠিত কমিটির সভাপতি সৈয়দ সাদমান সারার চুয়েটনিউজ২৪কে বলেন, সৃষ্টিশীল কাজ করার জন্য চুয়েটে যে কয়টা ক্লাব আছে, তার মধ্যে চুয়েট ফোটোগ্রাফিক সোসাইটি অন্যতম। চুয়েটের যারা ফোটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও ডিজাই নিয়ে প্যাশনেট তাদের সবাইকে নিয়ে চুয়েট ফোটোগ্রাফিক সোসাইটির কাজ। বিগত বছরগুলোতে চুয়েটের ভিতর ও বাহিরে চুয়েট ফোটোগ্রাফিক সোসাইটি ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। জনপ্রিয় ফোটোগ্রাফারদের ওয়ার্কশপ আয়োজন, নানান এক্সিবিশন আয়োজন, ফোটোওয়াক আয়োজন এবং বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে চুয়েটিয়ানদের অন্যতম পছন্দের জায়গায় পরিনত হয়েছে চুয়েট পিএস। সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এর ধারাবাহিকতা যাতে বজায় থাকে।

ছবিরাও কথা বলে—এই বিশ্বাসেই ২০১৩ সালে যাত্রা শুরু করা চুয়েট ফটোগ্রাফিক সোসাইটি নিয়মিত ফটোগ্রাফি-বিষয়ক কর্মশালা, প্রদর্শনী, প্রতিযোগিতা,আলোচনা সভার আয়োজন করে থাকে এবং প্রতিষ্ঠার পর থেকেই ক্যাম্পাসের প্রতিটি রঙ, হাসি আর নিঃশব্দ স্মৃতিকে তারা একেকটি ফ্রেমে উপস্থাপন করে আসছে।