চুয়েটে নরসিংদী স্টুডেন্টস ফোরাম এর সভাপতি মাহিন, সম্পাদক আল-আমিন

নাজমুল হাসান:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর জনপ্রিয় আঞ্চলিক সংগঠন  “নরসিংদী স্টুডেন্টস ফোরাম” এর ২০২২-২৩ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন  কমিটিতে সভাপতি হিসেবে পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী  জোবায়ের হোসেন মাহিন  এবং  সাধারণ সম্পাদক হিসেবে তড়িৎকৌশল  বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মো. আল-আমিন মনোনীত হয়েছেন।

গত ১১ ই জুন (রবিবার ) বিকাল ৫টা ৩০মিনিটে বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উক্ত কমিটি ঘোষণা করেন সংগঠনটির বিদায়ী সভাপতি আবিদ হাসান । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা এবং  যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড.  সজল চন্দ্র বণিক।

নতুন কমিটিতে মনোনীত অন্য সদস্যবৃন্দ হলেন, সহ-সভাপতি- মো: মাহিবুজ্জামান মৃদুল, যুগ্ম-সাধারণ সম্পাদক- মো: খায়রুল আলম নাহিদ, সাংগঠনিক সম্পাদক- ইমামুল হাসান সাদ,  যুগ্ম-সাংগঠনিক সম্পাদক তমাল বনিক এবং অর্থ সম্পাদক- মামুনুর রহমান।

নতুন কমিটির সাধারণ সম্পাদক মো. আল-আমিন চুয়েটনিউজ২৪.কম‘কে জানান, আমাদের ফোরামটি শুধু একটি ফোরামই নয়,নরসিংদীর সকল শিক্ষার্থীদের জন্যে একটি আবেগময় জায়গা। এই ফোরামের প্রত্যেকটা সদস্য খুবই আন্তরিক এবং আমরা সবাই নিঃস্বার্থভাবে এই ফোরামের জন্যে কাজ করে থাকি। আমাদের ফোরামের এলামনাইরা এখনোও আমাদের খোঁজ খবর রাখে এবং যেকোনো ধরনের সহযোগিতায় এগিয়ে আসে।