উপাচার্যের অনলাইনে যোগদানকে প্রত্যাখ্যান করে চুয়েট শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের অনলাইনে যোগদানকে প্রত্যাখ্যান করে আন্দোলনের পঞ্চম দিনে রেড কার্ড কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ২৬ সেপ্টেম্বর (শনিবার) দুপুর ২টা থেকে মেডিকেল সেন্টারের সামনের সড়কে এ কর্মসূচি শুরু হয়।

পরবর্তীতে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল লাল কার্ড হাতে নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এসে মিছিলটি শেষ হয়।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘অনলাইন ভিসি রেড কার্ড, রেড কার্ড রেড কার্ড’, ‘মানি না, মানি না, অনলাইন ভিসি মানি না’, ‘প্রত্যাখ্যান প্রত্যাখ্যান, অনলাইন ভিসি প্রত্যাখ্যান’, ‘উই ওয়ান্ট সায়েম স্যার’ সহ বিভিন্ন স্লোগান দেন।

এসময় পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিবুর রহমান বলেন, "ইতোমধ্যে আমরা দেখেছি ৫৬ দিনে সায়েম স্যার শিক্ষার্থীবান্ধব তার বিভিন্ন কর্মপরিকল্পনার মাধ্যমে চুয়েটকে আধুনিকায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন। নতুন উপাচার্য হিসেবে যাকে নিয়োগ দেয়া হয়েছে তিনি তার বক্তব্যে আমাদের এই আন্দোলনকে ৩০-৩৫ জনের আন্দোলন হিসেবে আখ্যায়িত করেছেন। অথচ আমরা প্রত্যেক হল থেকে শত শত শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশ নিচ্ছি। তার এই নিন্দনীয় বক্তব্য ও অনলাইনে যোগদানকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।"