চুয়েটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

নাজিফা তাসনিমঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। গতকাল সোমবার (১১ই মার্চ) সকাল ১১টায় উপাচার্য ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় নারী দিবসের অনুষ্ঠানমালা। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রী, নারী কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

এরপর সকাল ১১:১৫ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নমূলক কার্যকলাপ কঠোরভাবে দমনের লক্ষ্যে গঠিত অভিযোগ কমিটির আয়োজনে “নারীর সমঅধিকার-সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ” স্লোগানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোসাঃ রোকসানা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের (চট্টগ্রাম-৪৬) সংসদ সদস্য দিলোয়ারা ইউসুফ। গেস্ট অব অনার হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য দিলোয়ারা ইউসুফ বলেন, নারীরা একাত্তরে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন। কালের পরিক্রমায় নারীরা এখন অনেকাংশে স্বাবলম্বী। নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য। নারীদের সমঅধিকার ও সমসুযোগ প্রদানে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নারীর অগ্রগতি নিশ্চিত করতে সর্বাগ্রে আমাদের পারিবারিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার মিশনে প্রকৌশলী হিসেবে নারীদের ভুমিকা আরও জোরালো করতে হবে। শিক্ষাক্ষেত্রে আমাদের নারীরা অনেকদূর এগিয়ে গেছে। দেশ-বিদেশে কর্মক্ষেত্রে সমানভাবে তাদের যোগ্যতার পরিচয় দিয়ে যাচ্ছেন। নারীর অধিকার নারীরা নিজের যোগ্যতাই অর্জন করে নিয়েছে।

চুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে নারী অধিকার চর্চার শুরু হয়। সরকারি কাজে পিতার নামের পাশাপাশি মায়ের নামও অন্তর্ভুক্ত করে দিয়েছেন। নারীরা সুযোগ পেলেই নিজেদের সক্ষমতা ও যোগ্যতার প্রমাণ দিয়ে যাচ্ছেন। তাদের জন্য কর্মক্ষেত্রে সুন্দর ও অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। পাশাপাশি নারীদেরও নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। চুয়েটে বর্তমানে প্রায় ২০% নারী শিক্ষার্থী রয়েছে এবং নারী সহকর্মীদের জন্য ডে-কেয়ার সেন্টার চালু রয়েছে। দেশের মোট জনগোষ্ঠীর এখন প্রায় অর্ধেকই নারী। সুতরাং প্রধানমন্ত্রীর ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মিশনে তাঁরাও যোগ্য অংশীদার হবে। সে লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহবান জানায়। আমি নারীদের জন্য সুন্দর আগামীর প্রত্যাশা করছি। রসায়ন বিভাগের প্রভাষক জনাব সানজিদা মুকুট এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেম চিশতী ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোসাম্মৎ তাহমিনা আক্তার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার, শামসেন নাহার খান হলের প্রভোস্ট অধ্যাপক ড. রাজিয়া সুলতানা, সুফিয়া কামাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোছাঃ ফারজানা রহমান জুথী, গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোছাম্মৎ তাহমিনা আক্তার, কর্মকর্তাদের পক্ষে কম্পট্রোলার অফিসের জুনিয়র অ্যাকাউন্টস অফিসার জনাব ফারজানা ইসলাম মিতু, কর্মচারীদের পক্ষে রসায়ন বিভাগের অফিস সহায়ক কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব খালেদা বেগম এবং শিক্ষার্থীদের পক্ষে শামসেন নাহার খান হলের সমন্বিতা সরকার, সুফিয়া কামাল হলের ইশরাত জাহান বুশরা ও তাপসী রাবেয়া হলের সুনেরাহ শুভা আফনান।