চুয়েটনিউজ২৪.ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ এক শিক্ষার্থীকে মানসিক ও শারীরিকভাবে হেনস্তার অভিযোগের ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতা ওয়াসিফ রাশেদ অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেছেন।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অভিযোগ করেন, পহেলা বৈশাখ উপলক্ষে চুয়েটের প্রধান ফটকে ছাত্রদলের ব্যানার টাঙানোকে কেন্দ্র করে তাকে জিজ্ঞাসাবাদের নামে অপমান ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্যাম্পাসজুড়ে ক্ষোভের সৃষ্টি হয় এবং শিক্ষার্থীরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।
তবে অভিযোগের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ওয়াসিফ রাশেদ বলেন, “শারীরিক লাঞ্ছনা ও বকাঝকার বিষয়টি পুরোপুরি অবান্তর। ব্যানার টানানোর সময় সেখানে তার আচরণ সন্দেহজনক মনে হলে তাকে সাধারণ জিজ্ঞাসাবাদ করি। কিন্তু আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। তাকে বকাঝকাও করা হয়নি।”
তিনি আরও বলেন,” ছাত্র-রাজনীতি নিষিদ্ধ হলেও চুয়েটে একাধিক ছাত্রসংগঠন বিভিন্ন ব্যানারে তাদের কার্যক্রম চালাচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে সেসবের প্রমাণও যোগাড় করছি। যদি ছাত্ররাজনীতি না থাকে সেটা সবার ক্ষেত্রে সমান হোক। কেউ পারবে কেউ পারবে না এমনটাতো হতে পারে না। “
এছাড়া সুস্থ রাজনীতি চর্চার ব্যাপারে তিনি বলেন,” চুয়েটে আমরা সুস্থ রাজনীতি শুরু করার ব্যাপারে সচেষ্ট। আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছি। শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ফেস্ট, প্রতিযোগিতা আয়োজন করা হবে। ইতোমধ্যেই সেই অনুযায়ী আমরা অনেক কাজ শুরু করে দিয়েছি”।
এদিকে, শিক্ষার্থী লাঞ্চনার ব্যাপারে চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক মো. মুক্তার হোসাইন জানান,” অভিযোগের বিষয় তদন্ত কমিটি গঠন করা হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে”।