চুয়েটে প্রথমবার আয়োজিত বিনামূল্যে হাদীস গ্রন্থ বিতরণ কর্মসূচি

চুয়েটনিউজ২৪.ডেস্ক:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গত ১২ এপ্রিল (রবিবার) প্রথমবারের মতো আয়োজিত হয় “হাদীস ইন চুয়েট”।

চুয়েট ইসলামিক ইলম সিকার সোসাইটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের অংশ হিসেবে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিনামূল্যে হাদীসগ্রন্থ বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে রবিবার দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এই কর্মসূচি।

শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রতকরণ ও প্রাত্যহিক জীবনে কুরআন ও হাদিস চর্চা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত হয় হাদীস বিষয়ক এই আয়োজন।এসময় তিনটি ধাপে ‘ইমাম নববীর ৪০ হাদিস’ গ্রন্থটি বিতরণ করা হয়, যার সর্বশেষ ধাপ অনুষ্ঠিত হয় ১২ এপ্রিল । চুয়েট ইসলামিক ইলম সিকার সোসাইটি কর্তৃক প্রদত্ত অনলাইন আবেদনপত্রে নিবন্ধনকৃত চুয়েট শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, চুয়েট স্কুলের ছাত্র-ছাত্রী সহ চুয়েটের সাথে সম্পৃক্ত প্রায় ৩০০ জনের মাঝে বিনামূল্যে হাদিসগ্রন্থ বিতরণ করা হয়।

আয়োজকবৃন্দের পক্ষ হতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আদিল রায়হান বলেন, “চুয়েটর শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রতকরণে বৈষয়িক জীবনে কুরআন ও হাদিস চর্চা বৃদ্ধির লক্ষ্যে চুয়েট ইসলামিক ইলম সিকার সোসাইটির আয়োজনে আয়োজিত হয়েছে হাদিস ইন চুয়েট আয়োজন। উক্ত আয়োজনে আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে যে অভূতপূর্ব সাড়া পেয়েছি তা আসলেই ইতিবাচক। আমরা আশা করি, যারা বইটি সংগ্রহ করেছে তারা এটি নিজেরা পড়বে এবং গুরত্বপূর্ণ হাদিসগুলো নিজেদের জীবনে বাস্তবায়নের পাশাপাশি অন্যদের এই ব্যাপারে উৎসাহিত করবে।”

উক্ত আয়োজন সম্পর্কে জানতে চাইলে অত্র বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী শাহনেওয়াজ আহমেদ চুয়েটনিউজ২৪ কে বলেন, ” চুয়েট ইসলামিক ইলম সিকার সোসাইটি কর্তৃক ইমাম নববীর ‘৪০ হাদিস’ গ্রন্থটি বিনামূল্যে বিতরণ একটি প্রশংসনীয় ও সময়োপযোগী উদ্যোগ। এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক হবে এবং তাদের ধর্মীয় জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি মনে করি । আশা করি, ভবিষ্যতেও ইলমচর্চার ধারা অব্যাহত রাখতে এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।”

উল্লেখ্য, শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় জ্ঞান, মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইতোপূর্বে চুয়েট ক্যাম্পাসে সিরাহ প্রতিযোগিতা, নাশিদ সন্ধ্যা, ইসলামী সম্মেলন ও বিনামূল্যে কুরআন বিতরণের মতো কর্মসূচি আয়োজন করে আসছে চুয়েট ইসলামিক ইলম সিকার সোসাইটি।