চুয়েটনিউজ২৪.ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখার সভাপতি ওয়াসিফ রাশেদ কর্তৃক একই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে মানসিক ও শারীরিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল (সোমবার) দুপুরে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে চুয়েটের প্রধান ফটকে চুয়েট ছাত্রদলের পক্ষ থেকে একটি ব্যানার টাঙাচ্ছিলেন সংগঠনটির কতিপয় নেতাকর্মীরা। সে সময় ভুক্তভোগী শিক্ষার্থী টিউশন থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। ছাত্ররাজনীতি মুক্ত ক্যাম্পাসে ছাত্রদলের নামে রাজনৈতিক ব্যানার দেখে ঐ শিক্ষার্থী দাঁড়িয়ে যান ও ব্যানার টাঙানো সম্পন্ন হলে ছবি তোলার ইচ্ছা প্রকাশ করেন।
এ ব্যাপারে অন্যান্য নেতাকর্মীরা দ্বিমত পোষণ না করলেও চুয়েট ছাত্রদল সভাপতি ওয়াসিফ রাশেদ তখন সেখানে এসে উপস্থিত হন ও তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। এক পর্যায়ে তিনি তাকে অকথ্য ভাষা শুনাতে থাকেন ও তার কলার চেপে ধরেন। একই সাথে তিনি তাকে ঐ ব্যানার লাগানোর জন্যেই জোরাজুরি করতে থাকেন।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, যখন আমাকে কলারে ধরে ব্যানার লাগাতে বলা হয় তখনো আমি নম্রতার সাথে বলি যাতে আমাকে দিয়ে এই কাজটা অন্তন্ত না করানো হয়। পরিস্থিতি খারাপ দেখে উপস্থিত অন্যান্যরা আমাকে ঐ জায়গা থেকে সরিয়ে নিয়ে আসেন এবং আমি হলে চলে আসি। তবে এই ঘটনাটি আমার মানসিক স্বাস্থ্যের উপর বাজেভাবে প্রভাব ফেলে এবং অবশেষে আমি ঘটনাটি জনসম্মুখে বলতে বাধ্য হই।
এ ব্যাপারে অভিযুক্ত ছাত্রদল সভাপতি ওয়াসিফ রাশেদের সাথে কথা বলতে চাইলে তিনি অসুস্থতার কথা বলেন তবে সংবাদ প্রকাশের সময় পর্যন্ত তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
উক্ত ঘটনার ব্যাপারে চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মুক্তার হোসাইন বলেন, আমরা ঘটনাটির সুষ্ঠু তদন্ত করব ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।
উল্লেখ্য এই ঘটনার পর চুয়েটজুড়ে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করতে থাকেন এবং বিভিন্ন বিবৃতির মাধ্যমে এ ঘটনার নিন্দা ও দোষীর শাস্তির দাবি তোলেন। শিক্ষার্থীরা বলেন, যে ক্যাম্পাসে ছাত্ররাজনীতিই নিষিদ্ধ সেই ক্যাম্পাসে একটি রাজনৈতিক দলের সভাপতির এই আচরণ অত্যন্ত উদ্বেগজনক। তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।