চুয়েটে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬

তানভীর আহমাদঃ

গত ২১ই জানুয়ারি (বুধবার) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর “বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা—২০২৬” জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে সকাল ১১.০০ ঘটিকায় উক্ত অনুষ্ঠানটির সমাপনী দিবসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে ফিল্ড মার্শালের দায়িত্ব পালন করেন গণিত বিভাগের অধ্যাপক ড. আশুতোষ সাহা। সঞ্চালনায় ছিলেন চুয়েটের উপ—পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান।

মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন ড. কুদরত-ই-খুদা হলের শিক্ষার্থী জিতু দেবনাথ।অনুষ্ঠানের শুরুতে ছেলেদের ৬টি ও মেয়েদের ৩টি আবাসিক হলের ছাত্র-ছাত্রীরা আনন্দ র‌্যালির মাধ্যমে মাঠে প্রবেশ করে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন চুয়েট কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ ক্বারী মাওলানা নুরুল্লাহ। জাতীয় সংগীত পরিবেশনের পর পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপাচার্য। এরপর সুসজ্জিত কুচকাওয়াজের মাধ্যমে শিক্ষার্থীরা প্রধান অতিথিকে সালাম জানায়। র‌্যালি প্রতিযোগিতায় মুক্তিযোদ্ধা হল, বেগম শামসেন নাহার হল ও শহীদ তারেক হুদা হল যথাক্রমে সেরা হিসেবে নির্বাচিত হয়।

এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩৬টি ইভেন্টে প্রায় ১,২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। যার মধ্যে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ছিলেন।

এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছিল দ্রুততম মানব ও দ্রুততম মানবী নির্বাচন। এতে দ্রুততম মানব হিসেবে নির্বাচিত হন তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের ২১ আবর্তের শিক্ষার্থী শাওন বড়ুয়া এবং ৩য় বারের মতো দ্রুততম মানবী হিসেবে নির্বাচিত হন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২২ আবর্তের শিক্ষার্থী জারীন তাসমীন সাবা। ছাত্রদের মধ্যে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হন শাওন বড়ুয়া এবং রানার-আপ হন তরিকুল ইসলাম । হলভিত্তিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মুক্তিযোদ্ধা হল ও রানার—আপ হয়েছে শহীদ তারেক হুদা হল। অন্যদিকে ছাত্রীদের মধ্যে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছেন জারীন তাসমীন সাবা ও রানার-আপ হয়েছেন নুসাইবা সিবলী। ছাত্রী হলগুলোর মধ্যে চ্যাম্পিয়ন হয় শামসেন নাহার খান হল এবং রানার-আপ হয় তাপসী রাবেয়া হল।

শিক্ষকদের মধ্যে দ্রুততম মানব হিসেবে নির্বাচিত হন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী, কর্মকর্তাদের মধ্যে দ্রুততম মানব হয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এটিও জনাব মোঃ মুস্তাকিন, ৩য় শ্রেণির কর্মচারীদের মধ্যে দ্রুততম মানব হয়েছেন ডিজেস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের টেকনিশিয়ান নজরুল ইসলাম এবং ৪র্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে দ্রুততম মানব হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের ল্যাব সহকারী কাওছার হোসেন।

দিনব্যাপী প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে বিকাল ৪:৩০ টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।