চুয়েট স্পোর্টস ক্লাবের নতুন নেতৃত্বে সানি ও নেয়ামুল

চুয়েটনিউজ২৪ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্পোর্টস ক্লাবের ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সানিউল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে পানি সম্পদ কৌশল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মো. নেয়ামুল হাসান খান নির্বাচিত হয়েছেন।

গত সোমবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের (টিএসসি) ২য় তলায় অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েট স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বি এবং চুয়েটের শারীরিক শিক্ষা কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত।

৪২ সদস্যবিশিষ্ট কমিটিতে আরও রয়েছেন সহ-সভাপতি (প্রশাসন) রাশেদুল হাসান শোভন, সহ-সভাপতি (হল) নাফিস হাসান নাফি, সহ-সভাপতি (ক্রিকেট) সুজন, সহ-সভাপতি (ফুটবল) শাদাত হোসাইন রনি, সহ-সভাপতি (আউটডোর) রাফিউল মুমিন রিয়ান, সহ-সভাপতি (ইনডোর) নাহিদ হাসান, সহ-সভাপতি (ভলিবল) মো. ফাহিম মোরশেদ, সহ-সভাপতি (ব্যাডমিন্টন) তানজিম হায়দার, সহ-সভাপতি (বাস্কেটবল) জিবরান খন্দকার সিয়াম, সহ-সভাপতি (তথ্যপ্রযুক্তি) হামিম আশরাফি, সহ-সভাপতি (নারী) আইনুন নাহার বুশরা, সহ-সভাপতি (ব্যবস্থাপনা) মো. মনন হক, সহ-সভাপতি (রসদ ব্যবস্থাপনা) মো. আল আমিন এবং সহ-সভাপতি (কার্যক্রম) আনোয়ার হোসেন সাকী, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম হোসাইন আলিফ, আজহারুল ইসলাম, মোহাম্মদ তরিকুল ইসলাম ও জানে আলম, সাংগঠনিক সম্পাদক মো. খাইরুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কামরুল, রিদওয়ানুল হক রাফি, আবতাহী ও ফাহিম জামান, অর্থ সম্পাদক সায়েম সোলাইমান, যুগ্ম অর্থ সম্পাদক মো. মুনজুরুল হোসেন লাম, জামিল সাফি, জুনায়েদ জামশেদ, ইমন হাসান ও মোহাম্মদ হুসানসহ অনেকে।

নবনির্বাচিত সভাপতি সানিউল হক তার বক্তব্যে বলেন, “আলহামদুলিল্লাহ, চুয়েট স্পোর্টস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়াটা আমার জন্য অত্যন্ত সম্মানের। আমি বিশ্বাস করি, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সুস্থ ও নেতৃত্বগুণসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা সম্ভব। আমাদের কমিটির মূল লক্ষ্য থাকবে চুয়েটের ক্রীড়া কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করা, শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ বাড়ানো এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে কার্যকর পরিবেশ তৈরি করা। এ লক্ষ্য বাস্তবায়নে আমি সকল শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ, সম্মিলিত প্রচেষ্টায় চুয়েট স্পোর্টস ক্লাবকে আরও সমৃদ্ধ ও এগিয়ে নিতে আমরা কাজ করব।”

সাধারণ সম্পাদক মো. নেয়ামুল হাসান খান তার বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য শুধু নিয়মিত ক্রীড়া আয়োজন নয়, বরং শিক্ষার্থীদের জন্য একটি সমৃদ্ধ ও প্রাণবন্ত ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলা। তবে মানসম্মত খেলার মাঠের সীমাবদ্ধতা আমাদের কার্যক্রমকে কিছুটা বাধাগ্রস্ত করছে। আমরা আশা করি, প্রশাসনের সহযোগিতায় এ সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান হবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রীড়া আয়োজন করতে পারব। সবার সম্মিলিত প্রচেষ্টায় চুয়েটের ক্রীড়া অঙ্গনকে আরও উন্নত ও প্রাণবন্ত করে তুলতে আমরা কাজ করে যেতে চাই।”