নাজমুল কবির সিয়াম:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আধুনিক জরিপ প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগ সম্পর্কে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে এক কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চুয়েটের ওয়াটার রিসোর্সেস এন্ড রিসার্চ অর্গানাইজেশন (ডব্লিউআরআরও) এর উদ্যোগে এবং পানিসম্পদ কৌশল বিভাগের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
গত ১২ ও ১৪ আগস্ট চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় এ কর্মশালা। কর্মশালায় আধুনিক জরিপ কাজে ব্যবহৃত দুটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি ড্রোন সার্ভে ও আরটিকে জিএনএসএস রিসিভার নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
বুধবার (১২ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম দিনের কর্মশালায় ড্রোন সার্ভে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের ড্রোনের মাধ্যমে নির্দিষ্ট এলাকার তথ্য সংগ্রহ, আকাশচিত্র ধারণ, ফটোগ্রামেট্রির মৌলিক ধারণা এবং সংগৃহীত ছবি প্রক্রিয়াজাত করে ডিজিটাল এলিভেশন মডেল (ডিইএম) ও অন্যান্য স্থানিক তথ্যভান্ডার তৈরির প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি উচ্চতা পরিমাপ, ভূমির আকৃতি বিশ্লেষণ ও কনট্যুর ম্যাপিংয়ের মতো কাজে ড্রোনভিত্তিক জরিপের ব্যবহারও শেখানো হয়।
দ্বিতীয় দিন শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আরটিকে জিএনএসএস রিসিভার নিয়ে ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা আরটিকে জিএনএসএস ব্যবহার করে নির্ভুল অবস্থান ও উচ্চতা পরিমাপ, বিভিন্ন জরিপ বিন্দুর তথ্য সংগ্রহ এবং সংগৃহীত তথ্যের মাধ্যমে কনট্যুর ম্যাপিং ও ভূমির উচ্চতাসংক্রান্ত বিভিন্ন তথ্যভান্ডার তৈরির প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া পানিসম্পদ কৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সাইফুল্লাহ মনসুর বলেন,
"কর্মশালাটি থেকে আমরা অনেক কিছুই শিখতে পেরেছি যা আমাদের কর্ম জীবনে অনেক উপকার এ আসবে। আমরা আশা রাখবো এমন কর্মশালা যেন সামনে আরো আয়োজন করা হয়।"
ডব্লিউআরআরও ক্লাব এর সাধারণ সম্পাদক ও পানিসম্পদ কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এএসএম সাদমান শারার সুদ্বীন বলেন,
"একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব প্রকৌশল ক্ষেত্রে এসব প্রযুক্তির ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতেই এ আয়োজন।"
সংগঠনটির সভাপতি একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: মিনারুজ্জামান শোভন বলেন,
"এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা হাতে কলমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে, যা তাদের ডেটা বিশ্লেষণ ও আধুনিক প্রকৌশল দক্ষতায় আরও সক্ষম করে তুলবে বলে আমরা আশাবাদী।"
দুইদিন ব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন চুয়েটের পানি সম্পদ কৌশল বিভাগের সহকারী অধ্যাপক সামিউন বাসির এবং সহকারী অধ্যাপক পোলেন চাকমা।
কর্মশালা সম্পর্কে বিভাগের সহকারী অধ্যাপক মো: সামিউন বাসির বলেন,
"শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি আধুনিক প্রকৌশল প্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যেই ডব্লিউআরআরও-এর এই উদ্যোগ। ড্রোন সার্ভে ও আরটিকে জিএনএসএস-এর ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ, পরিমাপ ও বিশ্লেষণের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে। আমি আশা করি, ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও পেশাগত প্রস্তুতি আরও সমৃদ্ধ হবে।"