চুয়েটে প্ল্যানিং ক্লাবের আয়োজনে দিনভর পরিকল্পনা বিতর্ক উৎসব

জারীন তাসমীন সাবা

পরিকল্পনা, নগরায়ণ, উন্নয়ন ও জননীতির সমসাময়িক নানা প্রশ্ন নিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘পরিকল্পনা ও নীতিনির্ধারণ বিতর্ক ২০২৬’। প্ল্যানিং ক্লাব, চুয়েটের আয়োজনে গত ২১ আগস্ট (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ৫ – এ অনুষ্ঠিত প্রতিযোগিতায় মোট ছয়টি দল অংশ নেয়। যুক্তি, পাল্টা যুক্তি ও তথ্যনির্ভর বিশ্লেষণের মধ্য দিয়ে প্রতিযোগীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও নীতিগত বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্ল্যানিং ক্লাব, চুয়েটের প্রধান সমন্বয়ক ড. ফওজিয়া গুলশানা রশীদ লোপা, সমন্বয়ক সজীব সরকার এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রশিদুল হাসান।

দিনব্যাপী বিভিন্ন পর্ব শেষে চ্যাম্পিয়ন হয় ‘চিল্লাচিল্লি’ দল। দলটির সদস্য ২৪ আবর্তের প্রত্যয় পাল এবং ২৫ আবর্তের শেখ ইয়াসিন ও রুবাইয়াত রাফি। রানারআপ হয় ‘ফটোস্টেবল’ দল। দলটির সদস্য ২৪ আবর্তের শুভনিতা দে এবং ২৫ আবর্তের সাঈদ মোহাম্মদ হোসাইন ও অনিরুদ্ধ তালুকদার। প্রতিযোগিতায় দায়িত্ব পালনকারী বিচারকদের সময়, পরামর্শ ও অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক দেওয়া হয়।

প্ল্যানিং ক্লাব, চুয়েটের সভাপতি নূরুল আমিন তাসেদ বলেন, "প্ল্যানিংয়ের শিক্ষার্থীদের জন্য বিদ্যমান পলিসি সম্পর্কে ধারণা থাকা এবং যেকোনো সিদ্ধান্তকে যুক্তি ও তথ্যের মাধ্যমে বিশ্লেষণ ও প্রমাণ করার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভাবনা থেকেই আমাদের প্রথম প্রোগ্রাম হিসেবে আমরা প্লানিং অ্যান্ড পলিসি ডিবেট ২০২৬ আয়োজনের পরিকল্পনা করি। কমিটি গঠনের মাত্র কয়েকদিনের মধ্যে এমন একটি কম্পিটিশন আয়োজন করা আমাদের জন্য নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জ ছিল। তবে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিকতা ও পরিশ্রমের ফলে আমরা সফলভাবে প্রোগ্রামটি আয়োজন করতে পেরেছি এজন্য অত্যন্ত আনন্দিত।"

সাধারণ সম্পাদক কৌশিক বৈদ্য কাব্য বলেন, "জুনিয়রদের আন্তরিক সহযোগিতা ও পরিশ্রমে পুরো আয়োজনটি ছিল দারুণ গোছানো। চুয়েট ডিবেটিং সোসাইটি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা বিচারক হিসেবে সময় দিয়ে আয়োজনটিকে আরও সমৃদ্ধ করেছেন। সব মিলিয়ে শেখা, বিতর্ক আর সুন্দর সময়ের এক অসাধারণ অভিজ্ঞতা ছিল এটি।"