প্রকৌশলী অধিকার দিবসে আগামীকাল চুয়েটে পথসভা কর্মসূচি ঘোষণা

গোলাম মোস্তফা তানিম:

প্রকৌশলী অধিকার দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পথসভা কর্মসূচি আয়োজন করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এ পথসভা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

আয়োজকরা জানান, গত বছর ২৭ আগস্ট প্রকৌশলীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৌশল শিক্ষার্থীরা ঢাকার শাহবাগে একত্রিত হন। কর্মসূচি চলাকালে তাদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তারা। সেই ঘটনার স্মরণে  দিনটি ‘প্রকৌশলী অধিকার দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে চুয়েটেও পথসভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

এ বিষয়ে চুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইজাজ মাহমুদ খান বলেন, “প্রকৌশলী অধিকার আন্দোলন শুধু প্রকৌশলীদের নয়; বরং কোটার বিরুদ্ধে মেধার আন্দোলন, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের আন্দোলন এবং সর্বোপরি দেশের প্রকৌশল খাতকে পুনরুদ্ধারের আন্দোলন। ২৭ আগস্ট ‘প্রকৌশলী অধিকার দিবস’ উপলক্ষে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় চুয়েটেও আমরা কিছু কর্মসূচি করার পরিকল্পনা করেছি। আশা করছি, আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সব বাধা অতিক্রম করে প্রকৌশলীদের যথাযথ মর্যাদা ও অধিকার আদায় করতে সক্ষম হব, ইনশাআল্লাহ।”