চুয়েটে স্থগিত হওয়া ইসলামিক মাহফিল অনুষ্ঠিত হবে ২০ জুলাই

সাব্বির হোসেন:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্যাম্পাসের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন ‘চুয়েট ইসলামিক মাহফিল ২০২৬’। ২০ জুলাই (সোমবার) সন্ধ্যায় চুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে এই মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মোখতার আহমাদ।

একইদিনে অনুষ্ঠিত হবে চুয়েট ইসলামিক ইলম সিকার সোসাইটি-এর উদ্যোগে সপ্তাহব্যাপী চলা বিভিন্ন ইসলামিক আয়োজনের সমাপনী পর্ব । মাহফিলের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ‘শামে নাশীদ’ এবং কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত হবে দৃষ্টিনন্দন ইসলামিক ক্যালিগ্রাফি অঙ্কনের উৎসব।

চুয়েট ইসলামিক ইলম সিকার সোসাইটির সদস্য কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জারিফ মুহতাসিম চুয়েটনিউজ২৪ কে বলেন, “গত বছরের মতো এবারও চুয়েটের সবচেয়ে বড় ইসলামিক আয়োজন ‘চুয়েট ইসলামিক মাহফিল ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আমরা চাই, এই আয়োজন শুধু একটি অনুষ্ঠানেই সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের জন্য জ্ঞানচর্চা, দ্বীনি সচেতনতা ও ভ্রাতৃত্বের একটি সুন্দর পরিবেশ তৈরি করুক। চুয়েটের সকল শিক্ষার্থীদের আমাদের এই আয়োজনে অংশগ্রহণের আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।”

উল্লেখ্য, মাহফিলকে কেন্দ্র করে এরই মধ্যে ক্যাম্পাসে ইসলামিক কুইজ প্রতিযোগিতা ও পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়া ১৯ জুলাই শুরু হওয়া প্যালেস্টাইন কর্নার, সুন্নাহ প্রদর্শনী এবং ইসলামী বইমেলা চলবে ২০ জুলাই পর্যন্ত। আয়োজকদের মতে, এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ফিলিস্তিনের ইতিহাস সম্পর্কে জানার পাশাপাশি সুন্নাহভিত্তিক বিভিন্ন প্রদর্শনী উপভোগের সুযোগ পাবেন। একই সাথে থাকছে বইমেলা থেকে বিশেষ ছাড়ে ইসলামী বই ক্রয়ের সুযোগ ।