ফাইয়াজ কৌশিকঃ-
স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের গ্রেড উন্নয়নের সুযোগ দিতে ইমপ্রুভমেন্ট (মানোন্নয়ন) পরীক্ষার নীতিমালা অনুমোদন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৬৫তম (জরুরি) সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে সম্প্রতি এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে গৃহীত সিদ্ধান্তগুলো হলোঃ-
শিক্ষার্থীদের ইম্প্রুভমেন্ট পরীক্ষায় অংশগ্রহণের পর সংশ্লিষ্ট কোর্সের গ্রেড বৃদ্ধি না পেয়ে কমে গেলে প্রাপ্ত গ্রেড সমূহের মধ্যে সর্বোচ্চ গ্রেডটি গ্রহণযোগ্য হবে।
ইম্প্রুভমেন্ট পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ফাইনাল রেজাল্ট প্রকাশের বিদ্যমান নিয়মানুযায়ী গ্রীনবুক পূরণ মোতাবেক আবেদন করলে উক্ত শিক্ষার্থী মেধাতালিকায় অন্তর্ভুক্ত হবে।
“স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একাডেমিক নিয়মাবলী ও বিধিবিধান”-এ উল্লেখিত নির্ধারিত সংখ্যক কোর্স রেজিস্ট্রেশনের প্রচলিত বিধি অনুসরণপূর্বক শিক্ষার্থীরা তার নিয়মিত শিক্ষাবর্ষের মধ্যে যে কোন টার্ম (টার্ম-১, টার্ম-২,সেল্ফস্টাডি) এর সাথে ইম্প্রুভমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে, সংশ্লিষ্ট ব্যাচের টার্ম এর সাথে কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
শিক্ষার্থীরা ‘বি’ গ্রেডের নিম্নে প্রাপ্ত কোর্স প্রথমবার সম্পাদনের পর উক্ত কোর্স এর জন্য ইম্প্রুভমেন্ট পরীক্ষায় ০১ বার অংশগ্রহণ করতে পারবে এবং সর্বোচ্চ ‘বি’ গ্রেড প্রাপ্ত হবে। এছাড়া উক্ত শিক্ষার্থী সর্বোচ্চ ০৫টি কোর্সের ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবে।
শিক্ষার্থীরা ইম্প্রুভমেন্ট পরীক্ষায় অংশগ্রহণের জন্য তার নির্ধারিত ০৪ শিক্ষাবর্ষ ধারাবাহিকভাবে সমাপ্তির পর অতিরিক্ত ০১ শিক্ষাবর্ষ পর্যন্ত ইম্প্রুভমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
পরীক্ষা কবে থেকে শুরু হবে এ ব্যাপারে জানতে চাইলে চুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মইনুল ইসলাম চুয়েটনিউজ২৪কে বলেন,”পরীক্ষা এখন থেকেই দেওয়া যাবে। কোর্স রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষা দিতে পারবে।”