চুয়েটনিউজ২৪ ডেস্ক:
আমেরিকান কনক্রিট ইন্সটিটিউটের (এসিআই) সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় সম্মাননা “আউটস্ট্যান্ডিং ইউনিভার্সিটি” পুরষ্কার লাভ করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। বিশ্ববিদ্যালয়ের হয়ে টানা ৪র্থ বারের মতো সর্বোচ্চ এ সম্মাননাটি অর্জন করেছে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার, চুয়েট।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারী এসিআই থেকে চুয়েটকে এ সম্মাননা দেওয়ার ঘোষণা করা হয় এবং গতকাল ০১ সেপ্টেম্বর সম্মাননা স্মারকটি এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার, চুয়েটের হাতে পৌছায়।
সম্মাননা স্মারক হাতে পাওয়ার পর এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার,চুয়েটের সভাপতি জোহায়ের মাহতাব উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে টানা চতুর্থবারের মতো আমরা সেরাদের কাতারে জায়গা করে নিতে পেরেছি। এর কৃতিত্ব আমাদের সকলের। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের বিভাগীয় উপদেষ্টা অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলামকে যার দিকনির্দেশনাই আমাদের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। একই সাথে বিগত বছরগুলোতে যারা এসিআইয়ের হয়ে কাজ করেছেন তাদেরকাছেও আমরা কৃতজ্ঞ।
এই অর্জনের ব্যাপারে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার, চুয়েটের বিভাগীয় উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম বলেন, এই এওয়ার্ডটা আমাদের অনেক কষ্টের ফসল। বিদেশের মাটিতে চুয়েটের জন্যও এটা অনেক বড় একটা অর্জন। এর আগেও এই চ্যাপ্টার বেশ কিছু এওয়ার্ড জিতেছে। যারা এই চ্যাপ্টারের জন্য কাজ করেছে, সবার সম্মিলিত প্রচেষ্টাতে আমাদের এমন অর্জন সম্ভব হয়েছে। যদি আমরা এমন কার্যক্রম চলমান রাখতে পারি, আশা করি শিক্ষার্থীরা গবেষনায় উদ্বুদ্ধ হয়ে নতুন কিছু চিন্তা করতে পারবে। পুঁথিগত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার অনুপ্রেরণা পাবে। অ
উল্লেখ্য, আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট হচ্ছে কনক্রিট বিষয়ক আন্তর্জাতিক মানদন্ড উন্নয়নকারী সংগঠন। বিশ্বজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয় এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারগুলি। তারই অংশ হিসেবে পাঁচ বছর আগে ২০১৮ সালে প্রতিষ্ঠা পায় এসিআই চুয়েট চ্যাপ্টার। প্রতিষ্ঠার শুরু থেকেই অত্র বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ ও কর্মকান্ডের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান করেছে যেগুলো শিক্ষার্থীদের ভবিষ্যতে একাডেমিক ও কারিগরি কাজে ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় বছর জূড়ে তাদের কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরুপ অর্জন করেছে “আউটস্ট্যান্ডিং ইউনিভার্সিটি”খেতাব।
জানা যায়, বিগত বছরগুলোতে সংগঠনটির পক্ষ থেকে শিক্ষার্থীদের দক্ষতা ও মান-উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। এর মধ্য, এসিআই টেকনিক্যাল ট্যুর ২০২৩, কনক্রিট অলিম্পিয়াড, নারী দিবস উপলক্ষে Inspiring Change, ২৪ ঘণ্টা কনক্রিট কিউব কম্পিটিশন অন্যতম।