চুয়েটে আন্তর্জাতিক পাই দিবস উদযাপন

তানবির আহমেদ চৌধুরীঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নানা আয়োজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক পাই দিবস। আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) গণিত বিভাগের আয়োজনে এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতেই আন্তর্জাতিক পাই দিবস ও বিশ্বখ্যাত গণিতবিদ আলবার্ট আইনস্টাইনের জন্মদিন উপলক্ষে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী। আলোচনা সভার সভাপতিত্ব করেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোছাম্মৎ তাহমিনা আক্তার। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।গণিত বিভাগের সহকারী অধ্যাপক সেলিম হোসেনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন চুয়েট ম্যাথ ক্লাবের মডারেটর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব। এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ ও বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ রাশেদুল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, মানুষের মঙ্গলের জন্য একটি আধুনিক সমাজ গঠনে গণিতের যে ভূমিকা আছে, তা মানুষকে অবহিত করা প্রয়োজন। বর্তমান সরকার বাংলাদেশকে ডিজিটাল হতে যে স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে, তার মূল হাতিয়ার হল বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি ভালোভাবে জানার ও বোঝার জন্য গণিতের বিকল্প নেই।

এছাড়াও দিবসটি উপলক্ষে পোস্টার প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পোস্টার প্রদর্শনী প্রতিযোগিতায় সেরা পোস্টারের পুরস্কার পান গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সুস্মিতা মজুমদার। কুইজ প্রতিযোগিতায় প্রথম যন্ত্রকৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী হামিম ইবনে হাসান, দ্বিতীয় ঈশা ভৌমিক এবং তৃতীয় হন আব্দুল আজিজ। আলোচনা সভার শেষে পোস্টার প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক ড. মো. রফিকুল আলম।