ইপসিতা জাহান সুমাঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মমতে ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে মথুরায় অত্যাচারী রাজা কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। সেই পুণ্য তিথির স্মরণে প্রতিবছর যথাযথ মর্যাদায় জন্মাষ্টমী পালন করে থাকে সনাতন ধর্মাবলম্বীরা।
পূজা উদযাপন পরিষদের আয়োজনে গত ৭ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৫টায় চুয়েটের পশ্চিম গ্যালারিতে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. বিপুল চন্দ্র, অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, অধ্যাপক ড. সুদীপ কুমার পাল এবং অধ্যাপক ড. নিপু কুমার দাশ।
বক্তারা শ্রীকৃষ্ণ এর জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং ধর্মীয় বিভিন্ন জ্ঞান প্রদান করেন। পাশাপাশি, সকলকে ধর্ম চর্চা করা এবং ধর্মের পথে চলার দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও, সকলকে ধর্মীয় জ্ঞানার্জন এবং ধর্মের নীতি অনুসরণ করে চলার প্রতি আহ্বান জানান।
এদিকে তৃতীয় বর্ষের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশন বিভাগের শিক্ষার্থী মিঠুন রায় জন্মাষ্ঠমীর গুরুত্ব সম্পর্কে বলেন, জন্মাষ্টমী উপলক্ষ্যে দিনব্যাপী উপবাস রাখতে পেরে নিজের মনে যে তৃপ্তি আসে, সেটা ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। এইদিন উপবাস রাখার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের আদর্শকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করি।