নাজমুল হাসান:
শিক্ষার্থীদেরকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে নানান প্রয়াস চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) প্রশাসন। এ লক্ষ্যে আগামীকাল (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দুপুর ২ টা ৩০ মিনিটে এক গণসচেতনতামূলক সভা আয়োজন করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ইনফো বাংলার যৌথ উদ্যোগে উক্ত সভা অনুষ্ঠিত হবে।
পাশাপাশি, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে উদ্ভুদ্ধ করতে কৃতী শিক্ষার্থীদেরকে সম্মান প্রদান করা হবে। গত বছরের ফলাফলের ভিত্তিতে প্রতি ব্যাচের প্রত্যেক বিভাগের ৩ জন করে শিক্ষার্থীকে উক্ত সম্মাননা প্রদান করা হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। আর, সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। পাশাপাশি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদকবিরোধী গণসচেতনতামূলক বক্তব্য রাখবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক ড. সাইফুল ইসলাম জানান, চুয়েট প্রাঙ্গণে মাদক নির্মূলের বিষয়ে প্রশাসন যেকোনো উদ্যোগ নিতে প্রস্তুত। এ লক্ষ্যে আমরা একটি মাদকবিরোধী গণসচেতনতামূলক সভা আয়োজনে বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ইনফো বাংলার সাথে সমঝোতা করি। পাশাপাশি, একই দিনে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করে শিক্ষার্থীদের আরো পড়াশোনামুখী করতে আমরা বদ্ধপরিকর।