চুয়েটে পিএমই বিভাগের ‘১৭ ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের ‘১৭ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষ্যে আজ ১লা জুন (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় পিএমই বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন ও উপাচার্য (ইনচার্জ) অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী পাভেল।

বিভাগের সহকারী অধ্যাপক জনাব নাদিয়া মাহজাবিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিএমই বিভাগের সহযোগী অধ্যাপক ও ‘১৭ ব্যাচের কোর্স কো-অর্ডিনেটর ড. মোহাম্মদ ইসলাম মিয়া। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক জনাব আকিফ হোসেন খান এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মো. আতিকুল হক ও মো. আশিকুর রহমান।

এর আগে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বিদায়ী স্মারক তুলে দেয়া হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন ও উপাচার্য (ইনচার্জ) অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, চুয়েটের শিক্ষার্থীরা দেশে এবং দেশের বাইরে স্বনামধন্য প্রতিষ্ঠান গুলোতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করুক এই দোয়া থাকবে। পিএমই বিভাগের শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট সহ অন্যান্য সুযোগ সুবিধার ব্যাপারে পূর্বের ন্যায় চুয়েট সবসময়ই পাশে থাকবে।
চুয়েটের স্মৃতি তোমাদের জীবনের একটা অনবদ্য অংশ হয়ে থাকবে আজীবন। তোমারদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল ও সাফল্যমন্ডিত হোক।

সবশেষে সভাপতির বক্তব্যে পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী বলেন, আমাদের জন্য খুবই আনন্দের বিষয় যে বাংলাদেশের ৫ টি বিশ্ববিদ্যালয়ের পিএমই বিভাগের মধ্যে চুয়েট পিএমই বিভাগ অন্যতম। এই অর্জন অবশ্যই আমাদের জন্য একটি গর্বের বিষয়। বিদায়ী শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে বিকশিত করতে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এবং ফিল্ড ট্যূরের ধারা অব্যাহত রাখার ব্যাপারে আমাদের চেষ্টা থাকবে।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে ‘১৭ ব্যাচের শিক্ষার্থী মো: আশিকুর রহমান (আবির) বলেন “ চুয়েটের পিএমই বিভাগে দীর্ঘ চার বছর অধ্যয়নের মাধ্যমে আমাদের স্নাতক ডিগ্রী সম্পন্ন হলো।পিএমই বিভাগের সকল শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ছিলো বলেই সম্ভব হয়েছে।আশাকরি ভবিষ্যতে এই জ্ঞানকে কাজে লাগিয়ে বাংলাদেশের পেট্রোলিয়াম এবং মাইনিং সেক্টরে কাজে লাগাতে পারবো।”